শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার করায় ৩২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের আদালতপাড়া সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, শুক্রবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা প্রশাসনের অনুমতি ছাড়াই কক্সবাজারের উখিয়ায় বহুতল ভবনে সেমিনার করে রোহিঙ্গারা।

এ বিষয়ে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ‘ওই ভবনে গ্লোবাল ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে একত্রিত হয় রোহিঙ্গারা। ভবনের একটি কক্ষে সকাল থেকে ভিডিও কনফারেন্সে ট্রেনিং ও সেমিনার শুরু করে।’

তিনি আরও বলেন, ‌’কিন্তু তাদের কাছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা স্থানীয় প্রশাসনের কোনও অনুমতি ছিল না। তাই প্রাথমিকভাবে সেমিনার থেকে ৩২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, ৩২টি মোবাইল ও সংগঠনের বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয়।’

ওসি বলেন, ‘রোহিঙ্গাদের উখিয়া থানায় এনে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বৈঠকের কারণ এবং কর্মকাণ্ড নিয়ে তদন্ত করা হচ্ছে।’