জনগণ যেভাবে অভ্যস্থ সেভাবে নির্বাচন করাই সঠিক: আইনমন্ত্রী
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : প্রতীকবিহীন উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের আরেকটি নৈতিক পরাজয় বিএনপি নেতা মঈন খানের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উপজেলা নির্বাচন যখন আগে হতো তখন তো ওনারা (বিএনপি) ছিলেন। বিএনপি যখন আগে দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন করেছিল তখন কি তাদের নৈতিক পরাজয় হয়েছিল? এগুলো তাদের উদ্ভট কথা। এসব কথা বললে মনে হয় উত্তর দেয়ার প্রয়োজন নেই।
শনিবার দুপুরে কসবা পৌর শহরে মায়ের নামে নবনির্মিত জাহানারা হক পাবলিক লাইব্রেরি উদ্বোধন শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ব্যাপারটা হলো, জনগণ যেভাবে অভ্যস্থ, সেই অভ্যস্থ অবস্থায় নির্বাচন করাটা আমার মনে হয় সঠিক। এর আগে প্রতীকে নির্বাচন হয়েছিল এবং আমার মনে হয় ভবিষ্যতে প্রতীক ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন হবে। ভবিষ্যতে যতই গণতন্ত্র আরও সুদৃঢ় হবে, এটা অনিবার্য জিনিস হয়ে যাবে। আজকে সেই শিক্ষণীয় প্রসেসের মধ্যে যদি এবার প্রতীক ছাড়া নির্বাচন হয় সেটা বাংলাদেশের জন্য ভালো হবে।
তিনি বলেন, জনগণের চাহিদা বলেই জনগণের সরকার এবং জনগণের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে দেশে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে এবং দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন হবে।
এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকীসহ দলীয় নেতাকর্মী ও জনপ্রতিধিগণ উপস্থিত ছিলেন। এরপর তিনি কসবা পৌরসভার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।











