শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ফিরতি টিকিটসহ দুই কালোবাজারী আটক

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রেনের ৭টি টিকিটসহ ২ কালোবাজারীকে আটক করে কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- মো. আমিন (২৪) ও গিয়াস উদ্দিন (২৮)। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ তাদেরকে এই কারাদন্ডাদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, সাধারণ যাত্রীরা যেন নির্বিঘ্নে ট্রেনে যাতায়াত করতে পারেন সে জন্য সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে গিয়াস উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের চারটি ঈদের ফিরতি টিকিট এবং মো. আমিনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের ঈদের তিনটি ফিরতি টিকিটসহ আটক করা হয়। পরে গিয়াস উদ্দিনকে তিন মাস এবং আমিনকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যজিস্ট্রেট আরো জানান, ভ্রাম্যমাণ আদলতের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান ও স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন রাশেদ উপস্থিত ছিলেন।