শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-৫ আহত-১ : এদিকে বাস খাদে পড়ে আহত-২৫

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত ও ২৫ আহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী নামক স্থানে সিএনজি চালিত অটোরিকসা ও পিকভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আজ বুধবার বিকেল পৌনে ৪ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের সবাই সিএনজি অটোরিকসার যাত্রী। তাদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে সরাইলের শাহবাজপুরের মাসুক মিয়া (৪১) ও চান্দুরার শ্যামলাল বিশ্বাস (৪০)। ঘটনাস্থলে ৪ জন ও মাধবপুর হাসপাতালে ভর্তির পর আরো একজন মারা যায়।  ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম জানিয়েছেন-অটোরিকসাটি সিলেটের মাধবপুরগামী ছিলো। ঢাকামুখী পিকআপ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি’র ৪ যাত্রীর মৃত্যু হয়। পরে আরেকজন মারা যায়। ঘটনাস্থল থেকে হাইওয়ে ফাড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠায়।  এদিকে এই দূর্ঘটনার কিছু সময় পরই ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশায় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে   গিয়ে আহত হয়েছে আরো কমপক্ষে ২৫ জন । বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান- দ্রুত গতিতে চলতে থাকা বাসটি বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর খাদে উল্টে পড়ে। তবে এতে কেউ মারা যায়নি। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুর হাসপাতালে পাঠানো হয়েছে।  

ওসি আবদুর রব জানান বাসটি পাশের খাদে পড়ে অন্তত ১০ ফিট পানির নিচে তলিয়ে যায়। বাসটি উদ্বারের কাজ চলছে।