শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

news-image

বিশেষ প্রতিনিধি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার আদমপুর গ্রামের আহমদ আলীর গোষ্ঠীর ফরিদ মিয়া ও হোসেন মিয়ার বাড়ির লোকজনের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকাল সাড়ে ৬টার দিকে উভয়পক্ষের লোকজন বাড়ির পাশের জমিতে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়। আহতদের মধ্যে ফরিদ মিয়া (৫০), ফারুক মিয়া (২০),  মাহবুব  (২৮), ইমাম হোসেন (১৮), বকুলা বেগম (৩৫), কামরুল হোসেন (৩৫), লিলু মিয়া (৩৫), হোসেন মিয়া (৪৫), আলী মিয়া (৪২), বেনু মিয়া (৪০) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন পক্ষই অভিযোগ দেয়নি।