কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরলেন ২৯ বাংলাদেশি
কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারের বিভিন্ন জেলে কারাভোগ শেষে ২৯ বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। আজ মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে অনুষ্ঠিত ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে টেকনাফ সীমান্ত দিয়ে তারা দেশে ফেরত আসেন।
আজ দুপুরে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, আজ সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে এ পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগকারি ২৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসারা হলেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা শাকের উল্লাহ (২৮), এখলাছ মিয়া (২৬), শফি আলম (২৫), মো.পারভেজ (২৪), মিজানুর রহমান (১৮), মোবারক মিয়া (২৪), মো. মহিউদ্দীন (২২), ছালামত উল্লাহ (১৭), মং থিন (৪২), গিয়াস উদ্দিন (২২), রাকিবুল হাসান রাকিব (২২), জাহাঙ্গীর আলম (৩৫) ও মোবারক উদ্দিন (১৮)।
উখিয়া উপজেলার মো. শাহেদ (১৮), মো. তারেক (১৮) ও মো. সাবের (২৯)। টেকনাফ উপজেলার মো. ইরফান (২২), মো. ইলিয়াছ (১৯), মো. জহির আহমেদ (৩১), মো. আব্দুল আজিজ (২১), মো. তৈয়েব (৩২), আব্দুর সিদ্দিক (২৭) ও মো. রুবেল (২০)।
বান্দরবন জেলার সদর উপজেলার সিন খেয়ে মং মার্মা (৩২), থুইচিং প্রু (২৩) এবং লামা উপজেলার থার তুন হ্লা (৩৬)। এ ছাড়া রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ইয়ং ছা থুই মার্মা (২৬), ইউ তান ওয়ারা ওরফে স্যার থুই ইউ (৩৪) ও থান হ্লা সিন ওরফে সোয়ে সিন ওরফে ইউসিচিং মার্মা (৩০)।
সংবাদ সম্মেলনে লে. মহিউদ্দীন আহমেদ বলেন, আজ সকালে মিয়ানমারের মংডুতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ১৫ সদস্য এবং বিজিপির ১ নম্বর পিউন ফিউ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়ে ওয়াই শোর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পতাকা বৈঠক শেষে মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিজিপির প্রতিনিধি দল।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং মিয়ানমারের বাংলাদেশ কনস্যুলেটের যৌথ উদ্যোগে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া শেষে ২৯ জন বাংলাদেশিকে ফেরত আনা সম্ভব হয়েছে। ফেরত আনা বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছে দিতে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।











