শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নূরানী জর্দা-মালিক শামীমসহ ৮ আসামি ৩ দিনের রিমান্ডে

news-image

ময়মনসিংহে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনা মামলায় নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক মোহাম্মদ শামীম ও তার পুত্রসহ আট আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছিল। গতকাল ময়মনসিংহের ১নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিবের আদালতে রিমান্ড শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেয়া মামলার আসামিরা হলেন- মালিক মোহাম্মদ শামীম (৬৫) ও তার পুত্র হেদায়েত (৩০), ফ্যাক্টরির ম্যানেজার ইকবাল হোসেন (৩৫), ইকবাল (৪০), আরমান হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৪), আরশাদুল ইসলাম (৩২), ড্রাইভার পারভেজ (৩৫) ও কর্মচারী আ. হামিদ (৩৬)। এরআগে শনিবার দুপুরে এই আদালতেই আসামিদের শহরের অতুল চক্রবর্তী রোডের ওই  নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক মোহাম্মদ শামীম ও তার ছেলেসহ ৮ আসামিকে আদালতে  সোপর্দ করা হয়।  তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী অফিসার ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান। গত ১০ই জুলাই  ভোরে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে ময়মনসিংহ পৌরসভার সামনের নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক মোহাম্মদ শামীমের বাসার গেটে পদপিষ্ট হয়ে ২৭ জন প্রাণ হারায়। এ ঘটনায় বাড়ির মালিক শামীম ও তার পুত্র হেদায়েতসহ ৮ জনকে পুলিশ ওই সকালেই আটক করে। পরে সন্ধ্যায় কতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে ৩০২ ধারায় একটি হত্যা মামলা করেন।