কয়েক কোটি টাকার জমি দখলে ৩ ব্যবসায়ীকে হুমকী
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংখ্যালঘু ৩ ব্যবসায়ীর মালিকানাধীন কয়েক কোটি টাকা মুল্যের জমি দখলের চেষ্টা করছে ভূমিদস্যুরা। ইতিমধ্যে কিছু জমি দখল করে নিয়েছে। সেখানে ঘর নির্মান করে ঝুলিয়ে দেয়া হয়েছে সাইনবোর্ড। তাদেরকে জমি থেকে উচ্ছেদ করা সহ দেয়া হচ্ছে প্রাননাশের হুমকী। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছে ব্যবসায়ীদের পরিবার।
জানা গেছে- বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের মাধবপুর-মনতলা সড়কের পাশে সাতবর্গ বাজারের ৯৩৮ দাগের মোট ৪১ শতক ভূমির ক্রয় সুত্রে মালিক মাধবপুর বাজারের সুকান্ত রায়,প্রদ্যুৎত কুমার ঘোষ ও দিলীপ রায়। ১৯৯৮ সালে এই জায়গা ক্রয় করার পর তারা নিজ নিজ নামে খারিজ ও খাজনা পরিশোধ করে ভোগ দখল করে আসছেন। ঐ জায়গার কিছু অংশে ৯ টি দোকান-কোঠার একটি মার্কেট নির্মান করে ভাড়া ও নিজেরা ব্যবসা করছেন । বেশ কয়েক বছর পর লোভনীয় এ জায়গা দখলে ভূমিদস্যুরা তৎপর হয়ে উঠে বলে জানান এ ব্যবসায়ীরা। জায়গা দখলের চেষ্টায় নিয়মিত ঐ মার্কেটে এসে ব্যবসায়ীদের হুমকী ও ভয়ভীতি দেখানো হচ্ছে। মার্কেট ও জায়গা না ছাড়লে খুন করে সব কিছু দখল করার হুমকী দেয়া হচ্ছে। এর প্রতিকার চেয়ে ৩ ব্যবসায়ী পুলিশ সুপারের কাছে গত ২৮ শে জুন একটি আবেদন করেন।
ব্যবসায়ী সুকান্ত রায় ও প্রদ্যেৎ ঘোষ জানান- মাধবপুর বাজারের আলহাজ্ব শামসুল হকের কাছ থেকে তারা এই জায়গাটি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। জায়গাটি ক্রয় করার ১১ বছর পর সাতবর্গের ইসরাইল মিয়ার ছেলে জজ মিয়া,মো: শিরু মিয়া,মো: আরিজ মিয়া ভুয়া ওয়ারিশ সেজে সরাইলের শাহবাজপুরের জুনাঈদ মিয়ার ছেলে আঙ্গুর মিয়া,মাধবপুরের কৃষ্ণনগরের জালাল উদ্দিনের ছেলে আবু মিয়াসহ আরো কয়েকজন নিয়ে জায়গাটি গ্রাস করতে তৎপর হয়। ২০০৯ সালের ৩১ শে মে রাতে তারা আমাদের জায়গার এক শতকের মধ্যে জোর করে একটি ঘর উঠিয়ে ফেলে। তখন পুলিশ এসে ভূমিদস্যু দলের নেতা জজ মিয়া ও আবু মিয়া নামের দু-জনকে ঘটনাস্থল থেকে ধরে নিয়ে যায়। এ ব্যাপারে আদালতে একটি উচ্ছেদ মামলাও করা হয় তখন। তারা জানান, জায়গাটি ক্রয় করার পর তাদের নামে নামজারি হয় এবং তারা খাজনা পরিশোধ করে আসছেন। প্রদ্যেৎ কুমার ঘোষ জানান- গত ১৩ ই জুন এই মামলার বিষয়ে তিনি আদালতে যাবার কথা থাকলে ভূমিদস্যুরা মোবাইলে হুমকি দিয়ে বলে,আদালতের বারান্দায় যেনো তোদের না দেখি, এখানে দেখলে উঠিয়ে নিয়ে যাব। প্রতিনিয়ত ভ’মি দস্যুদের এমন হুমকী ধামকীতে তটস্থ এখন জায়গাটির মালিক ঐ ৩ ব্যবসায়ী ও তাদের পরিবার। এলাকার লোকজনও জানিয়েছেন জায়গাটি জোরপূর্বক দখলের চেষ্টা করছে ভূমিদস্যুরা।জায়গাটির পাশ্ববর্তী গ্রাম মিঠাপুকুর গ্রামের সাবেক ইউপি সদস্য কুদরত আলী (৮২) বলেন, সাতবর্গ গ্রামের হামিদ মিয়ার ছেলে সামসুল হকের কাছ থেকে জায়গাটি কিনে এখানে মার্কেট বানিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা বানিজ্য করছেন সুকান্ত ও প্রদ্যোৎত ঘোষরা। হঠাৎ করে তাদের জায়গায় ওরা ঘর উঠিয়ে ফেলেছে। এ ঘটনা এলাকায় নজিরবিহীন। আমরা এ ঘটনায় মর্মাহত। হিন্দু লোক পেয়ে ভূমিদস্যুরা যে অন্যায় করছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আলী নগরের বাচ্চু মিয়া সর্দার বলেন,জায়গাটির প্রকৃত মালিক সুকান্ত ও প্রদ্যোৎরা। তাদের জায়গা দখল চেষ্টার কারনে এখানে জায়গার দাম কমে গেছে। কেউ এখানে জায়গা জমি কিনতে আসেনা। এদের অত্যাচারের ভয়ে কেউ ঘর ভাড়া নিতেও আসেনা। বুধন্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মিজানুল ইসলাম বলেন,আমাদের এলাকায় এমন জায়গা দখল চেষ্টার ঘটনা আর ঘটেনি।এ ঘটনায় এলাকার প্রতিটি মানুষ ক্ষুব্ধ। আমরা চাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে দখলকারীদের উচ্ছেদ করে প্রকৃত মালিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন- সুকান্ত রায়,প্রদ্যুৎত কুমার ঘোষ ও দিলীপ রায় এরাই জায়গাটির প্রকৃত মালিক। কিছু উৎশৃঙ্খল লোকজন জায়গাটি দখলের চেষ্টা করছে।তারা সিএস মুলে নিজেদেরকে জায়গার মালিক দাবী করে। যা ঠিক নয়। তাদের দাবী সিএস এর মালিকদের কেউ কেউ জায়গা বিক্রি করেনি। আসলে সিএসএ যারা মালিক তারা সবাই বিক্রি করেছেন। আমি ২ বছর আগে পুলিশ দিয়ে অবৈধ দখলদারদের এখান থেকে উচ্ছেদ করিয়েছিলাম। আসলে জায়গাটি হিন্দু সম্প্রদায়ের হওয়ায় দুর্বল ভেবে তাদের জায়গাটি দখলের চেষ্টা করছে। এদিকে সরজমিনে ঐ জায়গায় গিয়ে দেখা গেছে ভূমিদস্যুরা জায়গার একটি অংশে ঘর উঠিয়ে আঙ্গুর মিয়া নামের একজনকে তা দেখাশুনার জন্যে দিয়ে রেখেছে। সে তার পরিবার নিয়ে বাস করছে। জায়গার সামনে কোল্ডষ্টোরেজের সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে। অবৈধভাবে তোলা ঘর ও কোল্ডস্টোরেজের মালিক তপন মিয়া বলেন,আমরা সিএস সূত্রে মালিক জজ মিয়া গংদের কাছ থেকে জায়গাটি কিনে মালিক হয়েছি। এ নিয়ে আদালতে মামলা চলছে এবং আদালতের স্থিতাবস্থা সংক্রান্ত একটি আদেশও রয়েছে। আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। কাউকে হুমকি-ধামকি দিচ্ছিনা। এদিকে আতংকের মধ্যে আছেন জায়গার প্রকৃত মালিক ব্যবসায়ীরা। বাজারের সকল ব্যবসায়ীরাই জানান,এ জায়গাটির মালিক সুকান্ত,প্রদ্যুতরা। ভূমিদস্যুরা অন্যায়ভাবে তাদের জায়গা দখলের চেষ্টা করছে।কারণ এ জায়গাটি এখন কোটি কোটি টাকার সম্পত্তিতে পরিণত হয়েছে।











