ছাত্রী ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজ আল হাসানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সাত্তার আজ শনিবার দুপুরে এ নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবীব জানান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের এক ছাত্রী গত মে মাসে উপাচার্যের কাছে সৈয়দ মাহফুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। ১৯ জুন তিনি একই অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। বিষয়টি নিতে গত বৃহস্পতিবার উপাচার্য জরুরি সভা ডাকেন। সভায় আইন উপদেষ্টাদের পরামর্শে তিনি নিজ ক্ষমতাবলে অভিযুক্ত শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করেন। আজ বেলা পৌনে তিনটার দিকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। একই সঙ্গে ওই শিক্ষককে কেন স্থায়ী বহিষ্কার (চাকরিচ্যুত) করা হবে না, তার কারণ দর্শানোর জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য।
ওই ছাত্রীর অভিযোগে বলা হয়, ২০১৩ সালে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজ আল হাসান তাঁর সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেন, প্রেমের প্রস্তাবও দেন। রাজি না হলে তাঁকে ফেল করানোর ভয় দেখান। হঠাৎ এক দিন শিক্ষক মাহফুজ মেয়েটির যশোর শহরের ভাড়া বাসায় যান এবং তাকে ধর্ষণ করেন। এ ঘটনার পর ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে শিক্ষক তাতে রাজি হননি। এ ঘটনায় ছাত্রী প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেন। পরে গত সপ্তাহে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।











