৫ টি ছোট্ট অভ্যাস দূরে রাখবে ‘সাইনাসের সমস্যা’
সাইনাসের সমস্যা কতোটা যন্ত্রণাদায়ক তা ভুক্তভুগিরাই বুঝে থাকেন। বিশেষ করে এই বর্ষাকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে সাইনাসের প্রকোপ বাড়ার সাথে সাথেই অনেক ঝামেলার মুখে পড়েন রোগীরা। বৃষ্টির পানি একটি মাথায় পড়লেই শুরু হয়ে যায় হাঁচি। এছাড়াও ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধ ও আবহাওয়া তো রয়েছেই। কিন্তু এই যন্ত্রণাদায়ক সাইনাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার দারুণ কিছু উপায় রয়েছে। এই ছোট্ট কিছু অভ্যাস গড়ে নিতে পারলেই সাইনাসের প্রকোপ থেকে দূরে থাকতে পারবেন অনায়েসেই।
১) প্রতিদিন ১ চামচ করে মধু খাওয়ার অভ্যাস করুন। মধু হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক। নিয়মিত মধু খাওয়ার অভ্যাস আপনার শ্বাসনালীর নানা সমস্যা দূরে রাখবে এবং সেই সাথে সাইনাসের সমস্যাও।
২) প্রচুর পরিমাণে পানি পান করুন। দেহের ময়েসচার লেভেলের তারতম্য ঘটলেই সাইনাসের প্রকোপ বাড়া শুরু হয়। তাই প্রচুর পরিমাণে পানি এবং পানীয় পান করুন। পুষ্টিকর ফল ও সবজির জুস পানের অভ্যাস রাখুন।
৩) চায়ের পরিবর্তে পান করুন দারুণ একটি পানীয় যা এই সাইনাসের প্রকোপ একেবারেই কমিয়ে দেবে। কুসুম থেকে মাঝারি গরম পানিতে ১ খণ্ড লেবু চিপে এতে মধু মিশিয়ে পানের অভ্যাস করুন প্রতিদিন। এছাড়াও গ্রিন টি পানের অভ্যাস করতে পারেন।
৪) সাইনাসের সমস্যার কারণে যদি আপনার নাক বন্ধ থাকে তাহলে একটি কাজ করুন। কুসুম গরম স্যালাইন নাক দিয়ে টানার অভ্যাস করুন। নাকের একপাশ দিয়ে টেনে অন্য পাশ দিয়ে বের করার চেষ্টা করুন। এতে করে জমে থাকা মিউকাস দূর হবে এবং প্রকোপ কমবে।
৫) পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম গ্রহন করুন এবং মানসিক চাপটাকে দূর রাখুন। অবাক হলেও সত্যি যে আপনার ঘুমের সমস্যা সাইনাসের সমস্যার সাথে জড়িত। সুতরাং ঘুম ও বিশ্রামকে অবহেলা নয় মোটেই।
কখন যাবেন ডাক্তারের কাছে
উপরের ৫ টি সমাধান সাধারণ সাইনাসের সমস্যাকে দূরে রাখতে বিশেষভাবে কার্যকরী। কিন্তু সাইনাসের সমস্যা মারাত্মক আকার ধারণ করলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। নিচের লক্ষণগুলো দেখা মাত্র ডাক্তারের শরণাপন্ন হোন-
১) নাক একেবারেই বন্ধ হয়ে যাওয়া এবং কোনোভাবেই দূর না হওয়া
২) চোখের ভেতরের কর্নারে তীব্র ব্যথা অনুভূত হওয়া
৩) কপালের মাঝ বরাবর তীব্র ব্যথা
৪) খুসখুসে গলা এবং নিঃশ্বাসে দুর্গন্ধ
৫) দিনে অস্বস্তি বাড়তে থাকা এবং রাত বাড়ার সাথে সাথে কাশি ও হাঁচি বাড়তে থাকা।











