সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার না এলে বোঝা যাবে গণতন্ত্র অসুস্থ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে। তারা ভোটকেন্দ্রে না এলে বোঝা যাবে, গণতন্ত্রের অসুস্থতা রয়েছে; গণতন্ত্রের অপমৃত্যু হচ্ছে।’

গতকাল রবিবার নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ষষ্ঠ দিন সিইসি এসব কথা বলেন। এদিন চারটি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা ছিল। বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আলাদা সময়ে সংলাপে অংশ নিয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সংলাপে অংশ নেয়নি।

হাবিবুল বলেন, নির্বাচনের সময় যে সরকার থাকবে, সেই সরকার আমাদের সহায়তা করবে। কোনো দলকে

নির্বাচনে আসতে ইসি বাধ্য করতে পারে না। সেটা কমিশনের দায়িত্বও নয়। সুষ্ঠুভাবে ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার পাশাপাশি দোয়াও চান সিইসি।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে সিইসি বলেন, আমাদের সহকর্মীরাও বলেছেন, আল্লাহ পাকের রহমত এবং দয়া যদি না থাকে, আমাদের জন্য বিষয়টি কঠিন হবে। কাজেই আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, যেন আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে এবং আল্লাহর দিকে তাকিয়ে পালন করতে পারি।

সিইসি আরও বলেন, নির্বাচন একটি কঠিন ও জটিল কর্মযজ্ঞ। সকলের আন্তরিক সমবেত প্রয়াস থাকলে এমন কঠিন ও জটিল কর্মযজ্ঞসাধন অসাধ্য নয়। নাগরিক সচেতনতা প্রয়োজন এবং সকলের আন্তরিক সহায়তা, সমবেত প্রয়াস ও প্রচেষ্টা প্রয়োজন।

নির্বাচনকালীন সরকার নিয়ে খেলাফত আন্দোলনের দাবির প্রসঙ্গ ধরে সিইসি বলেন, কেউ বলছে নির্বাচনকালীন সরকার, কেউ তত্ত্বাবধায়ক সরকার, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে সরকার থাকবে। নির্বাচনের সময় যে সরকার থাকবে, সেই সরকার আমাদের সহায়তা করবে। সেটি সরকারের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ দায়িত্ব হবে।

মাওলানা হাফেজ আতাউল্লাহ হাফেজ্জীর নেতৃত্বে বাংলাদেশ খেলাফত আন্দোলন সংলাপে অংশ নেয়। চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং অতিরিক্ত সচিব সংলাপে উপস্থিত ছিলেন। সংলাপে অংশ নিয়ে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বিলুপ্ত করা, রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী রাখার বিধান বাতিল করা, নির্বাচনের সময় জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো ইসির অধীনে আনা, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা চালু করাসহ ৪০ দফা প্রস্তাব পেশ করে খেলাফত আন্দোলন।

এরপরে দুপুরে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার লিখিত বক্তব্যে বলেন, জাসদ মনে করে যে কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ বা বর্জনের বিষয়টি একান্তই সেই রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ বা বর্জনের বিষয়সহ কোনো রাজনৈতিক বিতর্কেই ইসির জড়িত হওয়া বা মতামত, বক্তব্য, মন্তব্য প্রদান করা উচিত নয়। নির্বাচন কমিশন রাজনৈতিক বিরোধে সালিশি সংস্থা নয়।

জাসদ বলেছে, কতিপয় বিদেশি কূটনৈতিক ইসির কাজে কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী ও অযাচিতভাবে নাক গলিয়েছে। নির্বাচন কমিশনের উচিত এ ধরনের কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী অযাচিত নাক গলানোকে প্রশ্রয় না দেওয়া।

পরে সিইসি কাজী হাবিবুল আউয়াল সংলাপে বলেন, আমরা সবাইকে আহ্বান করব আপনারা আসেন। সবার বক্তব্য হলো নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। শাসক দলকে বলতে শুনেছি, আমরা তাদের নিয়ে নির্বাচন করতে চাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা কাউকে বাধ্য করতে পারব না, সেটা আমাদের দায়িত্বও নয়। আমাদের দায়িত্ব সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সবাইকে আহ্বান করা।

জাসদের অভিযোগের বিষয়ে সিইসি বলেন, বিদেশি কূটনীতিকদের দুটি গ্রুপ কমিশনে সৌজন্য সাক্ষাত করেছে, তবে কোনো ধরনের পরামর্শ তারা দেয়নি। আগের ধারাবাহিকতা অনুসরণ করেই তারা ইসিতে এসে সাক্ষাত করেছে।

আউয়াল বলেন, আমাদের ক্ষমতার খুব একটা ঘাটতি দেখছি না। আমাদের ওপর আরোপিত ক্ষমতাগুলো সঠিকভাবে ব্যবহার করব।

নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সিইসি বলেন, সবাই যেন নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, আমাদের দায়িত্ব মূলত একটাই। খুব বেশি দায়িত্ব আমাদের না। এ দায়িত্ব পালন করতে গিয়ে প্রাসঙ্গিক বিষয়গুলো আসবে।

সহিংসতা রোধে সবার সহযোগিতা চেয়ে সিইসি বলেন, ভোটার যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে, কাকে দিল কাকে দিল না, এটা মাথাব্যথার বিষয় নয়। এ বিষয়ে সবার সহযোগিতা চাইব। সহযোগিতা পেলে কঠিন কাজও অসাধ্য নয়।