দর্শকের প্রতি ভালোবাসা
বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গেল কয়েক বছর ধরে কলকাতার সিনেমারও নিয়মিত মুখ তিনি। কাজ করেছেন সেখানকার নামি-দামি সব নির্মাতার সঙ্গে। সেই ধারবাহিকতায় মুক্তি পেয়েছে সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র ‘ঝরা পালক’। ছবিটি ৪ সপ্তাহ ধরে চলছে কলকাতার বিভিন্ন সিনেমা হলে। জীবনানন্দ দাশের জীবনী নিয়ে নির্মিত ‘ঝরা পালক’ সিনেমায় কবির স্ত্রী লাবণ্যর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কবির পরিণত বয়সের ভূমিকায় আছেন ব্রাত্য বসু এবং তরুণ বয়সের চরিত্রে দেখা গেছে রাহুল বন্দ্যোপাধ্যায়কে। জয়া আহসান বলেন, ‘কবি জীবনানন্দ দাশের মতো এত বড় মাপের একজন মানুষকে তার মৃত্যুর প্রায় ৭০ বছর পর পর্দায় তুলে আনা, সিনেমা বানানো একটা বড় বিষয়। এই সিনেমায় কাজ করতে গিয়ে জীবনানন্দের বিষয়ে নতুন অনেক কিছু জেনেছি। চেষ্টা করেছি, লাবণ্য চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তোলার। দর্শকদের কাছে যে সিনেমাটি ভালো লেগেছে, তারা দেখছে- তাই দর্শকদের প্রতি আমার অনেক ভালোবাসা।’
জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমার মধ্যে মুক্তির তালিকায় রয়েছে- ‘কালান্তর’, ‘অর্ধাঙ্গিনী’, ‘ভূতপরী’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। বাংলাদেশের সিনেমার মধ্যে রয়েছে- ‘বিউটি সার্কাস’, ‘পেয়ারার সুবাস’ ও বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ‘ফেরেশতে’। গুণী এই অভিনেত্রী ওপার বাংলায় কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন তৃতীয়বারের মতো ভারতের ফিল্মফেয়ার। এর আগে ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান জয়া। ২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ও ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ সিনেমার জন্য ফিল্মফেয়ার মনোনয়ন পান লাস্যময়ী এই অভিনেত্রী।
জয়া অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিউটি সার্কাস’। সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। নির্মাণের দীর্ঘ সময় পর কিছুদিন আগে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। কথা ছিল, এটি ২৯ জুলাই মুক্তি পাবে। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা। আগামী সেপ্টেম্বরে ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানান নির্মাতা। এতে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, ‘অনেক কষ্ট করে এ সিনেমার শুটিং করেছি। ছবির জন্য একটি সার্কাস প্যান্ডেলের আয়োজন করা হয়েছিল। আর সার্কাস শিল্পীদের মতো আমিও প্রশিক্ষণ নিয়ে তাদের মতো করে অভিনয় করেছি। কাজটি করতে গিয়ে জীবন ঝুঁকির মধ্যে পড়তে হয়েছিল। তবে সবার শুভ কামনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমার সহশিল্পীরাও কষ্ট করেছেন। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’











