দুর্যোগ দুঃসময়ে ওরা সবার আগে
সৈয়দ রিফাত
ছাত্রজীবনের দায়িত্ব এবং কর্তব্য পড়েনি এমন ছাত্র হয়তো খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য হবে। তবে সেই পঠিত বিষয়বস্তু বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালনকারী শিক্ষার্থীর সংখ্যাটা বেশ নগণ্যই। তবে ব্যতিক্রমী কিছু দুঃসাহসী অভিযাত্রিকও বেড়ে ওঠে, যারা দেশের দুঃসময়ে, দুর্যোগে দক্ষ নাবিকের মতো শক্তহাতে হাল ধরে। সম্প্রতি ভয়াবহ বন্যায় সিলেট বিভাগ এবং এর আশপাশের এলাকা প্লাবিত হলে যখন সব দেশের সঙ্গে এসব এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, পানিবন্দি মানুষ গৃহহীন, খাদ্যহীন হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়, তখন এমনই কিছু দুঃসাহসী তরুণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যায় অসহায় সেসব মানুষের সাহায্যে।
দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইব্রাহীম আলী। তিনি এবং তাদের সংগঠন ‘জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ চবি শাখার উদ্যোগে তাৎক্ষণিকভাবে সিলেটে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়। তিনি বলেন, ‘সিলেটের বন্যা ছিল একটি জাতীয় দুর্যোগ। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের এমন ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে না দাঁড়াতে পারাটা অন্যতম ব্যর্থতা হয়ে থাকত। তাই আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, চট্টগ্রাম জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং জনসাধারণের সাহায্য নিয়ে ফান্ড সংগ্রহ করে প্রায় এক হাজার প্যাকেট ত্রাণ নিয়ে সিলেট এবং সুনামগঞ্জ জেলার বানভাসি মানুষের পাশে দাঁড়াই। এই ত্রাণ পৌঁছানো এবং যাতায়াতের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের একটি বাসের ব্যবস্থাও করা হয়।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাওন চক্রবর্তী বলেন, ‘সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি এবং বন্যাকবলিত মানুষের দুর্দশার কথা শোনামাত্রই আমরা সিদ্ধান্ত নিই তাদের সাহায্যে এগিয়ে যাওয়ার। প্রাথমিকভাবে ত্রাণকার্যই সবচেয়ে বড় সাপোর্ট হওয়ায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শহরের অন্যান্য স্থান থেকে ফান্ড সংগ্রহ করি। আশানুরূপ ফান্ড সংগ্রহ হলে আমরা পরিকল্পনামাফিক দুটি দলে ভাগ হয়ে সুনামগঞ্জের তাহিরপুর এবং গোয়াইনঘাট এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিই। আমরা প্রাথমিকভাবে শুকনা খাবার যেমন চিঁড়া, মুড়ি, চিনি, স্যালাইন, বিস্কিট এবং প্রয়োজনীয় মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি বানভাসি মানুষের ঘরে পৌঁছে দিই। দেশের এমন দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোটাই একজন ছাত্র এবং সুনাগরিকের প্রধান কর্তব্য হওয়া উচিত।’ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সিলেটের বন্যাকবলিত মানুষের জন্য ফান্ড সংগ্রহ এবং তা বানভাসি মানুষের ঘরে পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক আনন্যামা নাসুহা বলেন, ‘টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট স্মরণকালের বড় বন্যায় আটকে পড়া অসহায় মানুষদের ত্রাণসামগ্রী দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাং¯ৃ‹তিক সংগঠনগুলো। উন্মুক্ত মঞ্চে শিক্ষার্থীরা গান, নাচ, আবৃত্তি, নাটক পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের আকর্ষণ করে অর্থ সংগ্রহ করে। অল্প অল্প করে বন্যায় আটকে পড়া অসহায় মানুষদের এভাবেই সহযোগিতা করেছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যেহেতু বর্তমান জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ মানুষই শিক্ষার্থী তাই বিভিন্ন উপায়ে সবার সংঘবদ্ধ হওয়ার মাধ্যমে আমরা যে কোনো পরিস্থিতি পার করে ফেলতে পারি। দুর্যোগ-দুর্বিপাকে শিক্ষার্থীদের এভাবে সম্মিলিত প্রচেষ্টা আমাদের সবাইকে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সহায়তা করবে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের নির্ভরতার জায়গা হবে শিক্ষার্থীরা।’
একই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের সংগঠন ‘রসায়ন সমিতি’র উদ্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া হয় সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এ বিষয়ে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া রসায়ন বিভাগের শিক্ষার্থী সাকিব হায়দার রুদ্র বলেন, ‘আমরা দেখলাম দেশের অনেক জায়গা থেকেই আক্রান্ত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। তবে একেবারে প্রত্যন্ত জায়গাগুলোতে যাতায়াতের দুর্গমতার কারণে তখনো সেভাবে ত্রাণসামগ্রী পৌঁছানো হয়নি। তাই আমরা পরিকল্পনা করে সুনামগঞ্জের প্রত্যন্ত বানভাসি এলাকা তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউনুসপুর, ফাতারগাঁও, ধরুন, কাঞ্চনপুরের ত্রাণ না পাওয়া মানুষের মাঝে খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধ পৌঁছে দিই। কঠিন এই সময়ে ‘রসায়ন সমিতি’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়ে নৈতিক দায়িত্ব পালন করেছি।’ রাজধানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইবনে ফারুক সাদিক তার সংগঠন- গো আপ ফাউন্ডেশন এবং স্বপ্নছায়া ও পঞ্চভুজ নামে আরও দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ত্রাণ পৌঁছে দেন বন্যাকবলিত সিলেট অঞ্চলে। সাদিক বলেন, ‘সিলেটের বন্যার্ত মানুষদের জন্য সবাই যখন এগিয়ে আসছিল তখন আমাদের গো আপ ফাউন্ডেশন থেকেও আমরা বানভাসি মানুষের জন্য কিছু করার সিদ্ধান্ত নিই। আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে এসে দাঁড়ায় স্বপ্নছায়া আর পঞ্চভুজ সংস্থা। আমরা সম্মিলিতভাবে সিলেটের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিই। প্রয়োজনের তুলনায় যদিও তা ছিল অপ্রতুল তবুও সংকটকালীন কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দেশের প্রতিটি দুর্যোগ এভাবেই একতাবদ্ধভাবে আমরা জয় করব।’ ¯ু‹ল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের সাধ্যমতো সিলেটের ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্রজীবনে দায়িত্ব-কর্তব্য পালনে ওয়াকিবহাল এসব তরুণই আগামীর বাংলাদেশের কারিগর। তাদের হাত ধরেই সব বাধা-বিপত্তি কাটিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।











