সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কে হচ্ছেন, জানা যাবে ৫ সেপ্টেম্বর

news-image

অনলাইন ডেস্ক : পদত্যাগ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এখন তার ছেড়ে যাওয়া গদিতে কে বসবেন, এ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বরিস জনসনের পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নতুন নেতার নাম আগামী ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের শীর্ষ কর্তারা। স্থানীয় সময় গতকাল সোমবার এ তথ্য জানান তারা।

এএফপি, এনডিটিভিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহ থেকে নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে যখন ৫৮ বছর বয়সী বরিস জনসন পদত্যাগ করতে বাধ্য হন। এর আগে দেশটির ৫৪ মন্ত্রী পদত্যাগ করেন। সোমবার সংসদে টোরি এমপিদের প্রভাবশালী ১৯২২ কমিটি দলের নেতৃত্ব নির্বাচনের জন্য একটি সময়সূচির রূপরেখা দিয়েছে।

১৯২২ কমিটির চেয়ার গ্রাহাম ব্র্যাডি সাংবাদিকদের বলেছেন, আনুষ্ঠানিকভাবে নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়েছে এবং মঙ্গলবার এটি বন্ধ হবে। গ্রীষ্মকালীন বিরতি থেকে ফেরার পর আগামী ৫ সেপ্টেম্বর নতুন প্রধানমন্ত্রী ঘোষিত হবেন।

এখন পর্যন্ত বরিস জনসনের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে ১১ জন তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন। তাদের মধ্যে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দুজনকে বেছে নেওয়া হবে। সেই দুজনের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে একজনকে বেছে নেবেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। এই প্রার্থী তালিকায় অন্যতম আলোচিত নাম বরিস জনসন সরকারের পররাষ্ট্র মন্ত্রী লিজা ট্রাস ও অর্থমন্ত্রী তথা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ঋষিকে বেছে নেওয়া হলে তিনিই হবেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী।

ঋষি ছাড়াও প্রধানমন্ত্রিত্বের দৌড়ে আছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত। তিনি হলেন প্রীতি পটেল। তিনি বরিসের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। প্রীতি কনজাভেটিভ পার্টির মুখপাত্রও ছিলেন এক সময়।

একের পর এক ভোটের মাধ্যমে টোরি এমপিদেরকে আগামী ২১ জুলাইয়ের মধ্যে দুই প্রার্থীর নাম চূড়ান্ত করতে হবে। যেখানে দলের প্রায় এক লাখ ৬০ হাজার সদস্য পরে পোস্টাল ব্যালটের মাধ্যমে দুজনের মধ্যে একজনকে বেছে নেবেন।

১৯২২ কমিটির যুগ্ম-নির্বাহী সচিব বব ব্ল্যাকম্যান বলেছেন, তারা ২১ জুলাই গ্রীষ্মকালীন সংসদ বিরতির আগে এটি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৯২২ কমিটির ঠিক করে দেওয়া নিয়ম অনুযায়ী, এবার মনোনয়নপত্র জমা দিতেই ২০ এমপির সমর্থন জোগাড় করতে হবে; প্রথম রাউন্ডের বাধা টপকাতে লাগবে অন্তত ৩০ এমপির সমর্থন।

এখন পর্যন্ত যারা নেতা হওয়ার দৌড়ে নেমেছেন, তাদের প্রত্যেকেই কর কমানোর অঙ্গীকার করলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার আগ পর্যন্ত কর কর্তন ঠিক হবে না।

এদিকে, বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন সাফ জানিয়ে দিয়েছেন, উত্তরসূরী হওয়ার দৌড়ে কাউকেই সমর্থন দেবেন না তিনি।