সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টা, ছেলে আটক

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা রেজাউল করিম ছেলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলে বোদা থানায় অভিযোগ দায়ের করলে ছেলে আল মামুনকে (২৫) গ্রেফতার করে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে মামুনকে বোদা উপজেলার জমাদার পাড়ার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মামুন গত সোমবার সন্ধ্যায় মা মুনিয়ারার কাছে মাদক কেনার জন্য টাকা চাইতে যায়। এ সময় টাকা না দিতে চাইলে মামুন মাকে কিলঘুষি মারতে থাকে।

একপর্যায়ে ধাক্কা দিয়ে মাকে মাটিতে ফেলে দিয়ে হত্যার উদ্দেশ্যে বুকে পা রেখে গলা টিপে ধরে মামুন। এ সময় বাবা রেজাউল স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। একপর্যায়ে মামুন বাবা রেজাউল করিমকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে বুকে পা রেখে গলা টিপে ধরে।

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মা মুনিয়ারা ও বাবা রেজাউলকে উদ্ধার করে। সোমবার দিনগত রাতেই বাবা রেজাউল করিম ছেলে মামুনের বিরুদ্ধে বোদা থানায় হত্যাচেষ্টার অভিযোগ করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলে মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর