দ্বিতীয় স্ত্রীকে নিয়ে স্বামী পলাতক, কোলের দুই সন্তান নিয়ে অসহায় প্রথম স্ত্রী
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সবুজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রথম স্ত্রী ও দুই সন্তান রেখে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোসিংগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রথম স্ত্রী কোলে দুই সন্তান নিয়ে স্থানীয় মেম্বর, চেয়ারম্যান ও মাতব্বরদের কাছে বিচার চেয়ে বেড়াচ্ছেন। স্বামীর বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন তিনি। গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ অভিযুক্ত সবুজকে গ্রেপ্তার করছে না। সবুজের দ্বিতীয় স্ত্রীর বাড়ি একই এলাকায়।
সবুজের প্রথম স্ত্রী জানান, ২০১৯ সালে বিয়ের পর গর্ভে সন্তান এলেও সবুজ তাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। স্থানীয়রা দেনদরবার করে তাকে স্বামীর বাড়ি পাঠায়। এরই মধ্যে জন্ম নেয় ছেলে জোবায়ের। তার গর্ভে দ্বিতীয় সন্তান এলে আবার নির্যাতন শুরু করে সবুজ। ওষুধ খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করারও চেষ্টা করেছিল সবুজ। এক পর্যায়ে শশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়।
বছরখানেক আগে গোপনে পরকীয়া প্রেমিকাকে বিয়ে করে সবুজ। এই ঘটনা জানাজানি হওয়ার পর নতুন বউকে নিয়ে চার মাস ধরে পলাতক রয়েছেন তিনি।
ফলে দেড় বছর ও দুই মাস বয়সের কোলের দু’সন্তান নিয়ে বিপাকে পড়েছেন প্রথম স্ত্রী। সন্তানদের জন্য কারো কাছে কোন সহায়তাও পাচ্ছেন না।
স্থানীয় ইউনয়ন পরিষদ সদস্য মো. কবির শেখ জানান, ওই নারী এর আগে তার কাছে আসেননি। তিনি খোঁজ খবর নিয়ে যথাসম্ভব সহায়তা করবেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, অভিযুক্ত সবুজ পলাতক রয়েছেন। তাকে ধরতে সব ধরনের চেষ্টা চলছে।











