সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে যারা জ্ঞান দেয় তারা এখন কোথায়, প্রশ্ন হাছান মাহমুদের

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ঢাকায় বসে যারা সরকারকে জ্ঞান দেয়, তাদের দুর্গত এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এখন কোথায়? বন্যার্ত মানুষ জানতে চায়।’

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সিলেট-সুনামগঞ্জ, নেত্রকোনার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে মন্ত্রণালয়ে এসে এ প্রশ্ন তুললেন তিনি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘দুর্গতদের দুর্দশা দেখতে মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ছুটে গিয়েছেন। ওখানকার মানুষকে সাহস ও উৎসাহ দিয়েছেন। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রীকে ওখানকার ডিসি, সেনাবাহিনীর জিওসি ও সিলেট সিটির বিএনপির মেয়র অভিনন্দন জানিয়েছেন। বিএনপির মেয়রও প্রধানমন্ত্রীকে বলেছেন, তাদের সবার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতা করছেন, পথ দেখিয়েছেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘মেয়রের কাছে প্রধানমন্ত্রী জনতে চেয়েছিলেন, বন্যার্তদের জন্য তার দল কী করছেন, মেয়র সাহেব কোনো উত্তর দিতে পারেননি। বিএনপির নেতারা ঢাকায় বসে বাকবাকুম বাকবাকুম করছেন। তারা জানেন না সিলেট-সুনামগঞ্জসহ ওই এলাকার কী অবস্থা।’

কিছু সাংবাদিক নামধারী ব্যক্তি বন্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। এ সময় সাংবাদিকরা বলেন, প্রেস কাউন্সিল আইনে অপসাংবাদিকতার বিষয়ে বলা আছে। এ আইন হলে এ ধরনের সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা। তখন মন্ত্রী বলেন, ‘এই আইনের প্রক্রিয়া অনেক দূরে। কাজেই এটি নিয়ে এখনই কোনো কথা বলা যাবে না।’