রাজস্বের লক্ষ্যমাত্রা ১৫ লাখ ৪১ হাজার কোটি টাকা
আবু আলী
রাজস্ব আহরণের দিক থেকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। অন্যান্য স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্যানুসারে দেশের রাজস্ব জিডিপি ১০ শতাংশ। যেখানে নেপালের গড় রাজস্ব জিডিপি ২২ দশমকি ৩৬ শতাংশ। লাওসের মতো দেশের রাজস্ব জিডিপির হার ১৪ দশমিক ৮৪ শতাংশ। আর কম্বোডিয়ার রাজস্ব জিডিপি ২৩ দশমিক ৯৯ শতাংশ। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজস্ব আহরণ বাড়াতে হবে। মধ্যমেয়াদে সরকারের বিনিয়োগ ও ব্যয়ের যে পরিকল্পনা আছে তা বাস্তবায়নে রাজস্ব আদায় বাড়াতে চায় সরকার। এজন্য বিদ্যমান সীমাবদ্ধতা ও ফাঁকির ক্ষেত্রসমূহ দূর করতে রাজস্ব ব্যবস্থা শক্তিশালী করার জন্য পরিকল্পনা নিচ্ছে সরকার। রাজস্ব আহরণে সক্ষমতা বাড়াতে না পারলে কাক্সিক্ষত পরিমাণ সরকারি বিনিয়োগ করা সম্ভব হবে না। এজন্য কর ব্যবস্থার কাঠামোগত সংস্কার ও দক্ষতা বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এতে আগামীতে রাজস্ব আহরণ বাড়বে।
এজন্য রাজস্ব ব্যবস্থায় বিদ্যমান দুর্বলতা বিবেচনায় নিয়ে দেশের রাজস্ব আহরণের কৌশল নতুনভাবে পরিকল্পনা প্রয়োজন বলে দেশের মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে উল্লেখ করা হয়। আগামী ২০২২-২৩, ২০২৩-২৪ এবং
২০২৪-২৫ অর্থবছরে মোট ১৫ লাখ ৪১ হাজার ১০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। এ অর্থের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৮ হাজার ৫০০ কোটি টাকা। অর্থ বিভাগের করা মধ্যমেয়াদি রাজস্ব পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।
অর্থ বিভাগের মধ্যমেয়াদে রাজস্ব পূর্বাভাসে উল্লেখ করা হয়, ‘রাজস্ব খাতে চলমান ও প্রস্তাবিত সংস্কার কর্মসূচিসমূহ অভ্যন্তরীণ আহরণ বাড়াতে ও মধ্যমেয়াদে রাজস্ব লক্ষ্যসমূহ অর্জনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রাজস্ব প্রশাসনের সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। নানা ধরনের সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে এবং বেশ কিছু সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে। সব প্রশিক্ষণ একাডেমি আধুনিকায়নের মাধ্যমে যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেবার মান বৃদ্ধি এবং করের আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। করনীতি সহজ, দক্ষ করব্যবস্থাপনা এবং ব্যবসায়ীসহ সব স্টেকহোল্ডারের অংশগ্রহণের মাধ্যমে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করবে এনবিআর।
এনবিআর সূত্র জানিয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) সংস্থাটির রাজস্ব আহরণে ঘাটতি ছিল লক্ষ্যমাত্রার চেয়ে ৩২ হাজার কোটি টাকারও বেশি। অর্থবছর শেষে তা ৩৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য সংস্থাটির রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৪০ হাজার কোটি টাকা বা ১২ শতাংশ বেশি। এ লক্ষ্য পূরণ করা এনবিআরের জন্য এক প্রকার অসম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। রাজস্ব আহরণের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এ অবস্থায় রাজস্বের যে লক্ষ্য দেওয়া হচ্ছে, তা অর্জন করা আরও কঠিন হয়ে পড়ছে। আগামী বাজেট নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে অর্থ মন্ত্রণালয়ও বলছে, রাজস্বের পরিমাণ বাড়িয়ে বাজেট ঘাটতি কমানোটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এনবিআরের পরিসংখ্যান বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৬০ হাজার ৩১ কোটি টাকা। এর বিপরীতে এনবিআর আহরণ করেছে ২ লাখ ২৭ হাজার ৭৫৬ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসেবে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতির পরিমাণ ৩২ হাজার ২৪৪ কোটি টাকা।
চলতি অর্থবছরের বাকি দুই মাসে রাজস্ব আহরণের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় তৈরি হয়েছে। এমনকি অর্থবছর শেষে রাজস্ব ঘাটতির পরিমাণ ৩৫ হাজার কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। অবশ্য ঘাটতি বাড়লেও গত ২০২০-২১ অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ২১ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আহরণ হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৫৮৩ কোটি টাকা।
এনবিআর সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৮১ হাজার ৪৭ কোটি টাকা। এ সময়ে রাজস্ব আদায় হয়েছে ৭৩ হাজার ৬০ কোটি ২৬ লাখ টাকা। ঘাটতি ৭ হাজার ৮৬৭ কোটি টাকা। একই সময়ে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১ হাজার ১২০ কোটি টাকা। আদায় হয়েছে ৮৪ হাজার ৯১৬ কোটি ৫৬ লাখ টাকা। ১০ মাসে ভ্যাট আহরণে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার কোটি টাকারও বেশি। আয়কর ও ভ্রমণ খাতে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা। আদায় হয়েছে ৬৯ হাজার ৭৭৯ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ আয়করে ঘাটতি ৮ হাজার কোটি টাকা।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা আদায় করা সম্ভব নয়। চলতি বছরেও ৩০ হাজার কোটি টাকার ঘাটতি থাকবে। রাজস্ব আহরণ বাড়াতে কর ব্যবস্থার সংস্কার প্রয়োজন। প্রযুক্তির মাধ্যমে আধুনিকায়ন করা না হলে রাজস্ব আহরণ বাড়বে না।











