,

ঘরে সতিন এল, জীবনও গেল

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় স্বামী ও সৎ ছেলের হাতে নুরজাহান বেগম (৫০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল রোববার রাতে সখিপুর থানার সখিপুর ইউনিয়নের নইমউদ্দিন সরদার কান্দি ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম সখিপুর ইউনিয়নের নইমউদ্দিন সরদার কান্দি গ্রামের ফজলুর বেপারীর প্রথম স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মামুন বেপারী সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, ফজলুর বেপারী প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কাচিকাটা ইউনিয়নে বসবাস করে আসছেন। কয়েকদিন আগে কাচিকাটার ঘরবাড়ি ভেঙে সখিপুরে চলে আসেন ফজলুর। এরপর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে ফজলুর তার প্রথম স্ত্রী নুরজাহানকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। তিনি ঘর থেকে বের না হওয়ায় ফজলুর, দ্বিতীয় স্ত্রী মোরশেদা এবং তার দুই ছেলে সাগর ও বিল্লাল এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে ফেলে নুরজাহানের। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দিলে মিন্টু নামে একজনকে কুপিয়ে আহত করে বিল্লাল। পরে নুরজাহানের ছেলে মামুন এবং মেয়ে জেসমিন ও জামাতাকেও কুপিয়ে জখম করে তারা। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। ঢাকায় যাওয়ার পথে মারা যায় নুরজাহান।

এ ব্যাপারে নিহতের মেয়ে জেসমিন আক্তার বলেন, ‘মাকে আমার বাবা, সৎ মা ও সৎ ভাইয়েরা সব সময় মারধর করত। আমি ঢাকায় গাজীপুরে চাকরি করি। গতকাল রোববার সন্ধ্যায় আমি গ্রামের বাড়ি আসি। রাত ৯টার সময় আমি আমার চাচাদের বাসায় টিভি দেখছিলাম। এ সময় মায়ের চিৎকার শুনে ঘরে এসে দেখি মাকে কুপিয়ে মেরে ফেলতেছে তারা। আমি ও আমার স্বামী ছাড়াতে গেলে আমার স্বামীকেও কোপায়। আমি এর উপযুক্ত বিচার চাই। আমার মায়ের হত্যার সাথে জড়িত সকলের ফাঁসি চাই।

এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী, দ্বিতীয় স্ত্রী ও সৎ ছেলেরা মিলে এক নারীকে কুপিয়ে আহত করে। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মামুন বেপারী সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না