সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নের পদ্মায় চলো যাই

news-image

অনলাইন ডেস্ক : পদ্মার ঢেউ রে, ও মোর শূন্য হৃদয়-পদ্ম নিয়ে যারে; ও পদ্মারে, ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো, মোর বঁধূয়ার রূপ তেমনই ঝিলমিল করে কৃষ্ণ কালো।

১৯৪১ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাটিয়ালি ঢঙে রচিত এ গীতকবিতায় প্রথম কণ্ঠ দেন শচীন দেববর্মণ। কলকাতা থেকে তৎকালীন হিন্দুস্তান রেকর্ড কোম্পানির এ গানটি বাজারে এসেই আলোড়ন তোলে। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে সেই গান। পদ্মার উন্মত্ত রূপের বর্ণনার সঙ্গে প্রিয়তমাকে ভালোবাসা নিবেদনের মিশেলে মুগ্ধ হতো মানুষ। তবে দিন পাল্টেছে। পদ্মার সেই উন্মত্ত ঢেউয়ের সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক স্বপ্নের গল্প। পদ্মার দুই পারের হাজার বছরের বিচ্ছেদ ভেঙে রচিত হয়েছে মিলনের জয়গান। পদ্মার উন্মত্ত রূপের পাশাপাশি এখন পদ্মায় দেখা যাচ্ছে মোহনীয় পদ্মা সেতুও। উদ্বোধনের অপেক্ষায় থাকা সেই পদ্মা সেতু দেখতে প্রতিদিনই তৈরি হচ্ছে উপচেপড়া ভিড়।

দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের এই পদ্মা সেতু সামনে থেকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি ও মুন্সীগঞ্জের মাওয়ায় ভিড় করছেন সাধারণ মানুষ। আশপাশের এলাকা রূপ নিয়েছে বিনোদনকেন্দ্রে। পদ্মা সেতু কাছ থেকে দেখে, ছবি তুলে আনন্দে ভাসছেন তারা। অনেকেই আবার বিভিন্ন নৌযানÑ ট্রলার, স্পিডবোট নিয়ে পদ্মা সেতুর চারপাশ ঘুরে দেখছেন। দর্শনার্থীদের চাপে চাঙ্গা হয়ে উঠেছে আশপাশের ক্ষুদ্র ব্যবসাও।

সরেজমিন দেখা যায়, পদ্মা সেতুর মাওয়া পয়েন্টের অদূরে হাজারও মানুষের ভির। শিশু থেকে বৃদ্ধ নারী-পুরুষ। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ নানা যানবাহনে করে আসছেন দর্শনার্থীরা। কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে এসেছেন স্বপ্নের সেতুটি একনজর দেখতে। যদিও উদ্বোধনের আগে এবং নিরাপত্তার স্বার্থে নির্মাণাধীন সেতুর মূল কাঠামো ও নির্ধারিত এলাকায় দর্শনার্থীদের প্রবেশের সুযোগ নেই, তার পরও সেতু দেখতে নদীপারেই ছুটে আসছেন দর্শনার্থীরা।

খুলনার খালিসপুরের বাসিন্দা আলামিন আহমেদ থাকেন ঢাকায়। দীর্ঘদিন ধরে তার বাড়ি যাওয়া হয় না। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি পদ্মা সেতু দেখতে এসেছেন। আলামিন আহমেদ বলেন, ‘নানা ব্যস্ততায় দুই বছরেও গ্রামের বাড়ি যাওয়া হয়নি। কিন্তু পদ্মা সেতু চালু হলে নিয়মিত বাড়ি যাব। স্ত্রী-সন্তানদের নিয়ে সেতু দেখতে আসছি। আর মাত্র কয়েকটা দিন। আক্ষেপটা কেটে যাবে।’

একই কথা বললেন মাদারীপুরের বাসিন্দা ইকবাল আহমেদ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কেরানীগঞ্জে চাকরি করেন। ছেলে সীমান্তকে নিয়ে এসেছেন পদ্মা সেতু দেখতে। ইকবাল বলেন, ‘আর মাত্র কয়েকটা দিন। এর পর নিয়মিত বাড়িতে যেতে পারব। ছেলেটা দাদুবাড়ি চেনে না। ঝক্কিঝামেলা পোহাতে হয় বলে খুব একটা বাড়ি যাওয়া হয় না। সেতু চালু হলে ছেলেকে নিয়মিত বাপের ভিটায় নিয়ে যাব। শেকড় ভুলতে দেওয়া যাবে না।’

সেতু কেন্দ্র পদ্মার দুই পারে রমরমা হয়ে উঠেছে ক্ষুদ্র ব্যবসা। বিশেষ করে দর্শনার্থীদের কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন হোটেল, ফুচকা, চটপটিসহ বিভিন্ন ব্যবসা রমরমা। অনেকেই বাচ্চাদের খেলনাও বিক্রি করছেন।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের অদূরে চটপটি বিক্রি করেন সালাম মিয়া। দুজন কর্মচারী রেখেও ক্রেতাদের সামলাতে পারছেন না। তিনি বলেন, ‘সবসময়ই ভিড় থাকে। তবে এখন ভিড় বেশি। সবাই পদ্মা সেতু দেখতে আসছেন। বিক্রি বেড়ে যাওয়ায় দুজন কর্মচারীও রেখেছি। কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না।’