একাকিত্ব থেকে হৃদরোগের ঝুঁকি, এড়াবেন কীভাবে
নিউজ ডেস্ক : জীবনের নানা বাঁকে পরিবেশ-পরিস্থিতি বদলে যায়। শত কোলাহলে থেকেও মানুষ হয়ে পড়ে নিঃসঙ্গ। আর এই একাকিত্ব ডেকে আনতে পারে নানাবিধ রোগব্যাধি। বিশেষ করে বার্ধক্যে উপনীত হয়ে অনেকেই দারুণভাবে নিঃসঙ্গতায় ভোগেন। বিবিসির এক প্রতিবেদনে বিষয়টিতে আলোকপাত করা হয়েছে। একইসঙ্গে এ অবস্থা কাটিয়ে উঠতে রয়েছে বশেষজ্ঞদের পরামর্শ।
যুক্তরাষ্ট্রের সেন্টার পর ডিজিস কন্ট্রোল বা সিডিসি বলছে, এখন বেশ শক্তিশালী বৈজ্ঞানিক তথ্য প্রমাণাদি রয়েছে যে একাকীত্ব নানা অসুখের ঝুঁকি বাড়িয়ে দেয়।
সংস্থাটি বলছে, একাকীত্বের কারণে হার্টের অসুখের ঝুঁকি বাড়ে ২৯ শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়েয ৩২ শতাংশ।
দীর্ঘদিনের একাকীত্ব মস্তিষ্কের কিছু মনে রাখতে না পারার মারাত্মক অসুখ ডিমেনশিয়ার সম্ভাবনা ৫০ শতাংশ বাড়িয়ে দেয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন বলেছেন, অনেক মানুষ আছে যারা বাধ্য হয়ে একা থাকে। তাদের অনেকের জন্য একাকীত্ব একটা কারাগারের মতো। নিঃসঙ্গ মানুষ অনেক কিছু নিয়ে অনিশ্চয়তায় ভোগে।
তার মনে বেশি উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হয়। যা শরীরে কিছু স্ট্রেস হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয়। এই হরমোন উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়, হার্টের উপর চাপ বৃদ্ধি করে, ডায়াবেটিস বাড়াতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ কিডনির অসুখও বাড়িয়ে দেয়।
তিনি আরও বলছেন, একাকীত্ব মানুষের সামাজিক দক্ষতা কমিয়ে দেয়। ব্যক্তিত্বের সমস্যা তৈরি করে। তাতে সে আরও একা হয়ে পড়ে।
তার ভাষায়, মনের মধ্যে একাকীত্বের পাহাড় যখন জমতে থাকে তখন ক্রোধও তৈরি হতে পারে।
তিনি বলছেন, ভাল লাগে এমন কিছু করার মতো খুঁজে বের করুন। এমন কিছু করুন যাতে খারাপ চিন্তা থেকে মনোযোগ সরে যায়। সেটা হতে পারে গান শোনা, বই পড়া অথবা বাগান করা। তবে তা যেন ক্ষতিকর ভালো লাগার কিছু না হয়।
নিজের এলাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সংগঠনে যোগ দিন। কিছুক্ষণের জন্য ভালো থাকবেন। সেখানে নতুন মানুষের সাথে যোগাযোগ হবে, বন্ধুত্ব বাড়বে।
আত্মতুষ্টি বোধ করবেন এমন কোন দানশীল কাজে যোগ দিন। ইতিবাচক চিন্তা বাড়ানোর চেষ্টা করুন। কথা চেপে না রেখে কথা বলার চেষ্টা করুন, আপনার অনুভূতি সম্পর্কে বন্ধুবান্ধব, পরিবারের সাথে কথা বলুন।
একাকীত্বের চাপ কমাতে সেটি উপভোগ করতে শেখার কথাও বলছেন ডা. হেলাল উদ্দিন। সূত্র: বিবিসি











