,

দুদিন পর বাড়তে পারে বৃষ্টি

news-image

নিউজ প্রতিবেদক : গত কয়েক দিনের তুলনায় এখন বৃষ্টির প্রবণতা অনেকটা কমে গেছে। তাই বাড়ছে গরম। এই অবস্থা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর সারাদেশে বৃষ্টি ফের বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত) অন্যান্য অঞ্চলের তুলনায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। এসময় সবচেয়ে বেশি ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের রাজারহাটে। এছাড়া সিলেট ৬২, সাতক্ষীরায় ৩৫, মংলায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় হয়নি কোনো বৃষ্টি।

সিলেট অঞ্চল ছাড়াও দেশের অন্যান্য স্থানে ভারি বৃষ্টি নেই। ঢাকা, বরিশাল ও রাজশাহী অঞ্চল প্রায় বৃষ্টিহীন হয়ে পড়েছে।

যদিও রোববার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। সেই সঙ্গে মাঝেমধ্যে বইছে দমকা বাতাস।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, আগামী দুদিন পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য