সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করপোরেট কর কমতে পারে

news-image

আবু আলী
বাংলাদেশে করপোরেট করহার তুলনামূলক বেশি। করপোরেট করহার বেশি হলে বিনিয়োগ আকৃষ্ট করা কঠিন। এ দেশে উদ্যোক্তাদের আয়ের বড় অংশ কর হিসেবে দিতে হয়। তবে মধ্যম আয়ের দেশগুলো গত তিন দশকে যে হারে করপোরেট কর কমিয়েছে, বাংলাদেশ সেই তুলনায় তা কমাতে পারেনি।

করপোরেট কর কমালে ব্যবসা-বাণিজ্য সহজ হয়। কিন্তু এখানে রাজস্ব বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় করপোরেট করকে। এ জন্য ব্যবসায়ীরাও সব সময় করপোরেট কর কমানোর দাবি করে আসছে। পাশাপাশি অর্থনীতিবিদরাও করপোরেট কর কমানোর কথা জানিয়ে আসছেন।

পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, আমাদের করপোরেট করহার প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক বেশি। এটি কমিয়ে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে দেশের করপোরেট করহার ৩০ শতাংশ। আর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির করহার ২২ দশমিক ৫০ শতাংশ। অথচ চীন, ভারত ভিয়েতনামসহ আমাদের প্রতিযোগী দেশগুলোর করপোরেট করহার ক্ষেত্রবিশেষ ১৫ শতাংশেরও নিচে। তাই ব্যবসায়ীদের কর কমানোর দাবিকে যৌক্তিক দাবি বলে মনে করেন তিনি।

অন্যদিকে দেশে করপোরেট করহার প্রতিবছর আড়াই শতাংশ পয়েন্ট হারে কমিয়ে আনার দাবি জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান। তিনি বলেন, বাংলাদেশের করপোরেট করহার বৈদেশিক বিনিয়োগ আসার ক্ষেত্রে ‘বড় বাধা’ হিসেবে কাজ করছে। বাংলাদেশের করপোরেট করহার আশপাশের দেশের তুলনায় অনেক বেশি। সরকারের উচিত? প্রতিবছর আড়াই শতাংশ হারে কমিয়ে আনা। এতে সরকারের ওপর চাপ কম পড়বে। দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়বে। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনা করে ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের করপোরেট করহার এখন ৩০ শতাংশ। আর ২০২১ সালে বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগ পেয়েছে ২ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলারের। একই সময়ে ভিয়েতনামে ৩৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। সেখানে করপোরেট করহার ২০ শতাংশ। অর্থাৎ করপোরেট করহারের সঙ্গে বৈদেশিক বিনিয়োগের একটি সম্পর্ক রয়েছে। করপোরেট করহার যত কমবে, বৈদেশিক বিনিয়োগ তত বাড়বে। জানা গেছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের চেয়ে

বাংলাদেশের করপোরেট করহার বেশি। বাংলাদেশে করপোরেট করহার ৩০ শতাংশ হলেও যুক্তরাষ্ট্রে গড় করপোরেট করহার ২৭ শতাংশ। আর এশিয়া অঞ্চলে এই হার গড়ে ২১ দশমিক ৪৩ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নে গড়ে ১৮ দশমিক ৯৮ শতাংশ। আর বৈশ্বিক গড় ২৩ দশমিক ৬৪ শতাংশ।

সূত্র জানিয়েছে, আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করপোরেট করের হার কমানোর কথা ভাবছে সরকার। করপোরেট করহার ২ দশমিক ৫ শতাংশ কমানো হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন একটি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বাজেটসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, করপোরেট করের হার লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ২ দশমিক ৫ শতাংশ কমানোর প্রস্তাবনা রয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এনবিআরের বেশ কয়েকবার বৈঠক হয়েছে। বৈঠকে ব্যবসায়ীদের দাবিগুলোকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। বর্তমানে করহার যথাক্রমে ২২ দশমিক ৫ শতাংশ ও ৩০ শতাংশ রয়েছে।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নন-লিস্টেড কোম্পানির ক্ষেত্রে করহার ৩২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ এবং লিস্টেড কোম্পানির জন্য তা ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সব কিছু ঠিক থাকলে আগামী ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করবেন। এটি হবে অর্থমন্ত্রীর টানা চতুর্থ এবং বাংলাদেশ সরকারের ৫২তম বাজেট। আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট প্রাক্কলন করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এর মধ্যে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা চার লাখ ৩৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। চলতি অর্থবছরের মূল বাজেটে মোট রাজস্ব আয়ের পরিমাণ ধরা হয়েছিল তিন লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর আগে ২০২১-২২ অর্থবছরে বাজেটের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, যা জিডিপির ১৭ দশমিক ৫ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয় ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয় ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।