সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি ঝরিয়ে দুর্বল হচ্ছে ‘অশনি’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে শুরু করেছে। আজ বুধবার দিনের শুরুতেই ‘অশনি’ প্রবল থেকে শুধু ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরই মধ্যে ‘অশনি’ বাংলাদেশ থেকে আগের চেয়েও দূরে সরে গেছে।

তবে ‘অশনি’ র অগ্রবর্তী অংশের প্রভাবে সারা দেশেই বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশেই এই বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্র জানায়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণিঝড় অশনি কিছুটা দুর্বল হতে শুরু করেছে। আর এর গতিপথ এখনো ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের দিকে রয়েছে। আগামী বৃহস্পতিবার এটি ওডিশায় যেতে পারে। আবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে ওঠার আগে আরও দুর্বল হয়ে নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হচ্ছে, যা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে কমবেশি বৃষ্টিপাত হলেও উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার সঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। তবে অশনি নিয়ে আমাদের আর কোনো আতঙ্ক নেই।

আবহাওয়া অধিদপ্তর আগের দুদিনের মতো গতকালও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলেছিল। এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়। তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়ের ‘অশনি’র অবস্থান জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে, নৌপথে বৈরী আবহাওয়ায় গতকাল সন্ধ্যা ৬টা থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার ও শরীয়তপুরের মাঝিরকান্দি লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সকাল-সন্ধ্যা চলাচলকারী স্পিডবোট এমনিতেই বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল করছে।

শিমুলিয়া বন্দরের এক কর্মকর্তা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার ভোর ৬টা থেকে লঞ্চ ও স্পিডবোট যথারীতি চলাচল করবে।