সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে কুপিয়ে জখম

news-image

নিউজ ডেস্ক : হবিগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। ভুক্তভোগী তরুণীর নাম স্বপ্না আক্তার (১৯)। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পূর্ব মহল্লা গ্রামে গত ১৭ এপ্রিল ভোররাতে এই ঘটনা ঘটে। তবে ঘটনাটি জানাজানি হয় সোমবার। ভুক্তভোগী ওই গ্রামের দিনমজুর বিল্লাল মিয়ার মেয়ে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এক সপ্তাহ আগে ওই তরুণী সেহেরি খাওয়ার জন্য ভোরে ঘুম থেকে ওঠেন। সে সময় তার হাত-মুখ ধোয়ার জন্য ঘরের বাইরে টিউবওয়েলের কাছে গেলে কয়েকজন বখাটে তাকে জাপটে ধরে।

এক পর্যায়ে ধারালো ছুরি নিয়ে স্বপ্নার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে বখাটেরা। এতে তার হাতের কব্জি, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। তরুণীর চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা সুমনসহ ছয়জনের নামে মামলা করেছে।