বাসে কন্যা সন্তান প্রসব: আজীবন ভাড়া ফ্রি মা-নবজাতকের
হবিগঞ্জ প্রতিনিধি : আত্মীয়ের বাড়ি থেকে বাসযোগে নিজ বাড়ি ফেরার পথে প্রসব যন্ত্রণা ওঠে এক নারীর। পরে বাসেই সন্তান প্রসব করেন তিনি। বিষয়টি নিয়ে হবিগঞ্জ বাস টার্মিনালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো টার্মিলে বিতরণ করা হয় মিষ্টি। সেই সঙ্গে ওই নারী ও নবজাতকের আজীবন বাসভাড়া ফ্রি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সন্তান জন্ম দেওয়া নারীর নাম নুননাহার বেগম। তিনি হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংক শুভ্র রায় বলেন, ‘ওই নারী মৌলভীবাজার থেকে ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন’ বাসে হবিগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে তার প্রসব যন্ত্রণা ওঠে। এক পর্যায়ে বাসটি হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পৌঁছলে বাসেই তিনি একটি মেয়ে শিশুর জন্ম দেন।’
তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমরা মটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ বাস টার্মিনালে পৌঁছে মিষ্টি বিতরণ করি। সেই সঙ্গে সব নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে সন্তান জন্ম দেওয়া মা ও নবজাতকের বাস ভাড়া আজীবনের জন্য ফ্রি ঘোষণা করি।’
শংক শুভ্র রায় বলেন, ‘মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। সন্ধার পর তারা নিজ বাড়ি কাশিপুরের উদ্দেশ্যে বাস টার্মিনাল ত্যাগ করেন।’
নবজাতকের বাবা জাহেদুল ইসলাম বলেন, ‘এটি আমাদের প্রথম সন্তান। আমার স্ত্রী প্রথমে কিছু বুঝতে পারেনি। বাসে ওঠার পর তার প্রসব যন্ত্রণা শুরু হয়। তবে সবাই আমাদের অনেক সহযোগিতা করেছে। বাসের যাত্রী ও হেলপারও সহযোগিতা করেছে।’
তিনি বলেন, ‘মা ও মেয়ে সুস্থ আছে। আমরা অনেক খুশি। অনেক লোক আমাদের সহযোগিতা করছে আল্লাহ যেন তাদের ভালো করেন।’











