,

সিলেট-৩ আসনের উপনির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা: জাপা মহাসচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, সিলেট-৩ আসনের উপনির্বাচনের দিকে চেয়ে আছে সারাদেশের মানুষ। এটা সরকারের জন্য একটি অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় সরকারকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তা না হলে দেশ চরম সংকটের মধ্যে পড়বে। সেই সংকট কাটিয়ে উঠা সরকারের পক্ষে সম্ভব হবে না।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে সিলেট-৩ আসনের উপনির্বাচন নিয়ে নগরের মিরাবাজারস্থ একটি হোটেলে জেলা জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় জাপা মহাসচিব আরও বলেন, সিলেট-৩ আসনের নির্বাচনের মাধ্যমে দেশব্যাপী একটা উদাহরণ তৈরি হোক। যাতে মানুষ ভোট দিতে উদ্বুদ্ধ হয়। দীর্ঘদিনের ভোট কারচুপির ধারাবাহিকতা বন্ধ করে জনগণের সেই ধারণা পাল্টানোর সুযোগ রয়েছে এই নির্বাচনে।

তিনি বলেন, বর্তমানে দেশে শুধু সরকারি দল নির্বাচন করছে। আর কোন দল নির্বাচনে আসছে না। জাতীয় পার্টি নির্বাচনে আসার কারণ হচ্ছে সরকার যাতে বারবার একই ভুল না করে। তারপরও সরকার ভুল করে যাচ্ছে। ভোট কারচুপি করতে করতে সাধারণ মানুষের কাছে ভোটের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই মানুষ আর ভোট দিতে আসে না।
জাপা মহাসচিব বলেন, করোনা পরিস্থিতির মাঝে অনুষ্ঠিত দু’টি উপনির্বাচনে মাত্র ৩ ও ১০ শতাংশ ভোট পড়েছে। এটা একটি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচন সুষ্ঠ না হলে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়। আমাদের দেশে গণতন্ত্র খুব মুমূর্ষ অবস্থায়। সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সিলেট-৩ আসনের নির্বাচন দিয়ে মুমূর্ষ গণতন্ত্রকে সতেজ করতে হবে। তা না হলে দেশে আর গণতন্ত্র থাকবে না।

তিনি আরও বলেন, সিলেটের এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক এটাই আমাদের প্রত্যাশা। ব্যালটের মাধ্যমে যে ফলাফল হোক আমরা মাথা পেতে মেনে নেব। কিন্তু মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সে নিশ্চয়তা সরকার নিশ্চিত করতে হবে। ভোট মানুষের সাংবিধানিক অধিকার এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

জিয়া উদ্দিন বাবলু বলেন, সিলেটে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। সিইসি আমাদের আশ্বস্থ করেছেন ভোট সুষ্ঠ হবে। একই সাথে আমরা সিলেটের রিটার্নিং কর্মকর্তার সাথে দেখা করে তাকেও একই অনুরোধ করেছি। তিনিও আমাদের আশ্বস্থ করেছেন। তারপরও আমরা শঙ্কিত। কারণ মাঠের অবস্থা কি সেটা নতুন করে বলার নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাঠোয়ারী এমপি, প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মো. সোহেল, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৩ আসনের জাপার দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিক প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য