রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ওষুধ কারখানায় অভিযান : মালামাল জব্দ

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর বাহার কাছনা এলাকায় একটি আয়ুর্বেদিক ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ ক্যামিকেল, তৈরি ওষুধ ও বিভিন্ন সরঞ্জামাদিসহ সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। অবৈধভাবে চালানো এ প্রতিষ্ঠানের লাইসেন্স না হওয়া পর্যন্ত সবধরণের কার্যক্রম ও ওষুধ উৎপাদন বন্ধের আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ফারুক আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের বাহার কাছনা মাস্টারপাড়া এলাকায় অবস্থিত নিউ মৌভাষা ঢাকা ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ নামের ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি ওষুধ প্রশাসনের অনুমোদন না নিয়েই বৃহৎ শুষ্ক মৌলাদি তৈল, সুমুদ্র শোষন তেল, পুনর্ণ বাদী তৈল, বৃহৎ সন্ধ্যাবাদী তৈল, বৃহৎ ষড়বৃন্দু তৈল, শুক্র সঞ্জীবন হালুয়াসহ ২০ প্রকার আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছিল। কারখানার মালিক ওয়ালি উল্লাহর কাছ থেকে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। ওই কারখানার নামে কোন রেজিস্ট্রেশন নেই। পরিবেশের ছাড়পত্র ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই। সেখানে ওষুধ উৎপাদন কাজে নিয়োজিত কেমিস্ট পাওয়া যায়নি।

ফারুক আহমেদ আরও জানান, কারখানাটিতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ তৈরির সামগ্রী, মেশিনপত্র এবং বিভিন্ন নামে উৎপাদিত ওষুধ জব্দ করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুবের উপস্থিতিতে জব্দ করা ওষুধ ধ্বংস করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।