গঙ্গাচড়ায় তিস্তার ডান তীর রক্ষা বাঁধের ব্লক-পিচিংয়ে ধস
রংপুর ব্যুরো : উজানের পাহাড়ি ঢলে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ডান তীর রক্ষা বাঁধের ব্লক-পিচিং ধসে গেছে। শুক্রবার রাত ৯ টার দিকে পানির তীব্র স্রোতে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়ায় তিস্তা নদীর ডান তীর রক্ষা বাঁধের মার্জিনাল ডাইকের প্রায় ৫০ মিটার ব্লক-পিচিং ধসে যায়। এতে হুমকির মুখে পড়েছে তিস্তার ডান তীর রক্ষা বাঁধ, সাউদপাড়া ইসলামিয়া বহুমুখী আলিম মাদরাসা, সাউদপাড়া পোস্ট অফিসসহ প্রায় শতাধিক বাড়ি-ঘর।ভাঙন ঠেকাতে শনিবার সকাল থেকে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
রংপুর পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি।শুক্রবার সকাল থেকে পানি বৃদ্ধি পাওয়ায় নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এরইমধ্যে শুক্রবার রাত ৯টার দিকে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়ায় তিস্তা নদীর ডান তীর রক্ষা বাঁধের মার্জিনাল ডাইকের প্রায় ৫০ মিটার ব্লক-পিচিং ধসে যায়।অপরদিকে, ওই ইউনিয়নের বিনবিনা চর থেকে লালমনিরহাটের তুষভান্ডার যাওয়া পাকা সড়কের ৫০ মিটার ভেঙে যায়।
খবর পেয়ে শনিবার সকাল থেকে রংপুর পানি উন্নয়ন বোর্ড সাউদপাড়ায় ও বিনবিনা-তুষভান্ডার সড়কে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু করে।সাউদপাড়া ইসলামিয়া বহুমুখী আলিম মাদরাসার সহকারী শিক্ষক আসাদুল হক আনসারী জানান, শুক্রবার রাতে ডান তীর রক্ষা বাঁধের মার্জিনাল ডাইকের ব্লক-পিচিং এর প্রায় ৫০ মিটার ধসে যায়। এ ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু করেছে। অতি দ্রুত ভাঙন ঠেকানো না গেলে মাদরাসাসহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা আলিফ উদ্দিন, আব্দুল হাকিম, হাফিজুলসহ অনেকেই জানান, শুক্রবার রাত ৯ টার দিকে পানির তীব্র স্রোতে ব্লক-পিচিং ধসে যায়। এতে ভাঙন আতঙ্কে তারা রাত জেগে বসে থাকেন। দ্রুত ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ না নিলে তাদের ঘরবাড়ি বিলীন হয়ে যাবে নদীতে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শহিদুর রহমান জানান, ভাঙন ঠেকাতে একহাজার জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৩শ জিওব্যাগ ধসে যাওয়া ব্লক-পিচিং এলাকায় ফেলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকিগুলো ফেলা সম্ভব হলে ভাঙন ঠেকানো যাবে। বিনবিনা-তুষভান্ডার সড়কেও জিও ব্যাগ ফেলার কার্যক্রম অব্যাহত রয়েছে।











