,

শিক্ষকদের পদোন্নতির তালিকায় গুরুতর অসঙ্গতি

news-image

নিজস্ব প্রতিবেদক প্রথমবারের মতো মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ হাজার ৪৫২ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দিয়ে সিনিয়র শিক্ষক করা হলেও ওই তালিকায় গুরুতর ভুলভ্রান্তি আর অসঙ্গতি ধরা পড়ছে। তালিকায় মৃত ব্যক্তি, অবসরপ্রাপ্ত ও বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত ৫৩ জন শিক্ষক রয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এসব অসঙ্গতি চিহ্নিত করে শিগগিরই সংশোধিত তালিকা প্রকাশ করা হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানানো হয়েছে।

চলতি বছরের গত ৩০ জুন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ হাজার ৪৫২ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি দেয়া হয়। জ্যেষ্ঠতার ভিত্তিতে মাউশি থেকে সাত হাজার ২৭৫ জন শিক্ষকের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। সিনিয়র শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণি (৯ম গ্রেড) হওয়ায় সেই তালিকা সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। তার ভিত্তিতে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষককে পদোন্নতি দিতে সুপারিশ করে পিএসসি।

অভিযোগ পাওয়া গেছে, পদোন্নতির এ তালিকায় মৃত ব্যক্তি, অবসরপ্রাপ্ত ও বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত ৫৩ জন শিক্ষকের নাম যুক্ত হয়েছে। তালিকা থেকে এসব ব্যক্তির নাম বাতিল করে যোগ্যদের পদোন্নতি দিতে বিভিন্ন জেলায় কর্মরত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি দল বুধবার মাউশিতে লিখিতভাবে আবেদন জানিয়েছেন।

জানতে চাইলে অভিযোগকারী শিক্ষকদের প্রতিনিধি নওগাঁ কে ডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মো. হারুন অর রশীদ বুধবার জাগো নিউজকে বলেন, সহকারী শিক্ষকদের পদোন্নতির তালিকায় অনেক অসঙ্গতি রয়েছে। মৃত, অবসরপ্রাপ্ত ও বিভিন্ন অনিয়মের কারণে বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত শিক্ষকদের নাম এ তালিকায় রয়েছে।

জানা গেছে, সাড়ে পাঁচ হাজার সিনিয়র শিক্ষকের পদোন্নতির তালিকায় নোয়াখালী, ফরিদপুর ও চট্টগ্রাম জেলা সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন মৃত শিক্ষককেও পদোন্নতি দেয়া হয়েছে। তার মধ্যে ৪০ জনের বেশি অবসরপ্রাপ্ত শিক্ষক ও বেশকিছু বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। সব মিলিয়ে ৫৩ জন শিক্ষক সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিলতা থাকার পর প্রথমবারের মতো প্রায় সাড়ে পাঁচ হাজার সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এতে কিছু ভুলত্রুটি ধরা পড়েছে। পদোন্নতি তালিকায় যদি মৃত, অবসরপ্রাপ্ত ও কোনো শিক্ষকের বিরুদ্ধে মামলা চলমান বা সাজাপ্রাপ্ত হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে সরকারি নির্দেশনায় তা উল্লেখ করা হয়।

শিক্ষকদের জ্যেষ্ঠতার ভিত্তিতে সাত হাজারের বেশি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল জানিয়ে তিনি বলেন, তালিকাটি পরে মন্ত্রণালয় থেকে পিএসসিতে পাঠানো হয়। এর মধ্যে প্রায় ছয় মাস সময় পার হয়ে যায়। তালিকা প্রকাশের কয়েক দিন আগে নাকি পদোন্নতি পাওয়া তিনজন শিক্ষক মারা গেছেন। সেখানে অবসর ও সাজাপ্রাপ্ত শিক্ষক রয়েছেন বলে অভিযোগ এসেছে। আমরা তা চিহ্নিত করে শূন্য পদগুলোতে দ্রুত সময়ের মধ্যে পদোন্নতি দিতে শিক্ষা মন্ত্রণালয়ে তালিকা দেব।

অসঙ্গতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নিয়োগ কমিটির সদস্য সচিব ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় সিনিয়র শিক্ষক পদ সৃষ্টি করে তা সংশোধন করা হয়। তার আলোকে সাত সদস্যের একটি কমিটি গঠন করে গ্রেডেশন (জ্যেষ্ঠতা) অনুযায়ী সাত হাজার ২৭৫ জনের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। তার ভিত্তিতে পাঁচ হাজার ৪৫৪ জনকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেয়া হয়েছে। যেসব স্থানে অসঙ্গতি রয়েছে সেই তালিকা তৈরির কাজ আগামী সপ্তাহে শুরু করা হবে।

তিনি বলেন, মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক পদোন্নতি এখন একটি রুটিনকাজ। যেখানে এ পদটি খালি হবে, তার তালিকা তৈরি করে মাউশি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেটি পিএসসি থেকে অনুমোদন দিলে সেসব শিক্ষককে পদোন্নতি দেয়া হবে।

মাউশি সূত্র জানায়, নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠ শিক্ষকপদে পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে অন্তত আট বছর চাকরি করতে হবে। সহকারী শিক্ষক পদে চাকরিতে প্রবেশের জন্য পাঁচ বছরের ব্যাচেলর অব এডুকেশন (বিএড) বা ডিপ্লোমা ইন এডুকেশন (ডিপ ইন এডু) বা ব্যাচেলর অব এগ্রিকালচার এডুকেশন (বিএজএডু) ডিগ্রি থাকতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য