রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ আগষ্ট গণটিকা দেয়া শুরু, প্রথম দিনেই রংপুরে টিকা পাবেন ৬৫ হাজার

news-image

রংপুর ব্যুরো : আগামী ৭ আগস্ট থেকে সারাদেশের গ্রাম পর্যায়ে করোনাভাইরাসের গণ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। টিকাদান কেন্দ্রগুলোতে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নেওয়া যাবে। গণ টিকাদানের শুরুর দিনে রংপুর সিটি কর্পোরেশন ও জেলার আট উপজেলায় ৬৫ হাজার ৪০০ জনকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রংপুর স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, রংপুর জেলার আট উপজেলার ইউনিয়ন গুলোতে একটি করে টিকাদান কেন্দ্রে ৩ টি করে বুথ থাকবে এবং প্রত্যেকটি বুথে ২০০ জন করে প্রত্যেকটি ইউনিয়নে মোট ৬০০ জন টিকা নিতে পারবে। সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ১ টি করে টিকাদান কেন্দ্রে ৩ টি বুথে মোট ৬০০ জনকে টিকার আওতায় আনা হবে। উপজেলার বাসিন্দাদের সিনোফার্মের ৪৩২০০ এবং সিটি কর্পোরেশনের বাসিন্দাদের দেয়া হবে মডার্নার ২২২০০ ডোজ টিকা। কেন্দ্রগুলোতে ৩ জন করে ভ্যাকসিনেটর, ৩ জন স্বেচ্ছাসেবক ও টিকা গ্রহনের পর পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষনের জন্য উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার থাকবে।

নগরীর মুলাটোল এলাকার মনিরুল ইসলাম মিন্টু ও তামপাট এলাকার হুমায়ন রশীদ শাহিনসহ বেশ কয়েকজন জানান, টিকা যখন দেয়াই লাগবে তখন দেরি করে লাভ কি। আগামী সাত তারিখ বাড়ির নিকটে যে কেন্দ্র হবে সেখানেই টিকা নিবো।

এব্যপারে রংপুরের জেলা সিভিল সার্জন ডা.হিরম্ব কুমার রায় বলেন, টানা সাতদিন গণটিকার কথা থাকলেও তা হচ্ছেনা। ৭ তারিখ প্রথম গণটিকাদানের পর ১৪ তারিখে দ্বিতীয় দফায় গনটিকা কার্যক্রম চলবে। রংপুর জেলা স্বাস্থ্য বিভাগ সকল প্রস্তুুতি সম্পন্ন করেছে। সকল বিভাগকে সাথে নিয়ে এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান তিনি।