রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের মিঠাপুকুরে খালে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু

news-image
রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে খালের পানিতে ডুবে হাসান (৯) ও হোসাইন (৯) নামে জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুরবাড়ি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জমজ শিশু দুইটি ওই গ্রামের রবিউল ইসলামের। খালের পাশে খেলতে গিয়ে একভাই পানিতে পড়ে যায়, তাকে তুলতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দু’জনের কেউই সাঁতার জানত না।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের খালে নৌকায় হাসান ও হোসেন নামে ওই দুই শিশু খেলা করছিল । শনিবারও নৌকায় করে খেলাধুলা করেছে । কিন্তু রোববার সকালে খেলার সময়ে হঠাৎ নৌকা থেকে একজন পানিতে পড়ে যায়। তাকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করতে গিয়ে আরেক ভাইও পানিতে পড়ে ডুবে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।
নিহতের বাবা রবিউল ইসলাম ঠাকুরগাঁও জেলায় একটি কোম্পানিতে মার্কেটিংয়ে চাকরি করেন।সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। করোনা পরিস্থিতি ও  কঠোর বিধিনিষেধের কারণে পরিবার নিয়ে মিঠাপুকুরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।
কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান জানান, নৌকায় করে খেলার সময়ে পানিতে পড়ে ডুবে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অসতর্কতা ও ঝুঁকিপূর্ণ স্থানে শিশুকে খেলতে দেয়ায় এ ঘটনাটি ঘটেছে।