শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে সড়ক জুড়েই গর্ত ও খানাখন্দ, দুর্ভোগে মানুষ

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার অধিকাংশ সড়কজুড়েই অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দে ভরপুর। বিশেষ করে চান্দুরা থেকে আখাউড়া বাইপাস এবং হরষপুর থেকে মির্জাপুর পর্যন্ত সড়কের বেহাল দশা। এসব সড়ক দিয়ে রিকশা, সিএনজি বা অন্য যেকোন যানবাহনে চলাচল নিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপজেলার সাধারণ মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে ১৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে চান্দুরা-আখাউড় বাইপাস পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কটি নির্মাণ করা হয়। এর আগে ১৯৯৬ সালে সড়কটির প্রশস্ততা বাড়ানো হয়। কিন্তু কয়েক বছর পরই সড়কটি ভাঙতে শুরু করে। ক্রমে বাড়তে থাকে ভাঙন। চার বছরে এটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। মির্জাপুর-হরষপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কটি উপজেলার আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি ২০১১ সালে নির্মাণ করা হয়। বছর না যেতেই সড়কটি ভাঙতে ভাঙতে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এই সড়কটি এখন চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। চম্পকনগর থেকে আউলিয়াবাজার পর্যন্ত পাঁচ  কিলোমিটার সড়কটি ২০১৩-১৪ সালে নির্মাণ করা হয়। এই সড়কটি ছোট-বড় গর্ত ও খানাখন্দে ভরপুর।
Bijoynagar Street Pic-02সরেজমিনে (গত ১৮ মার্চ ও ১ এপ্রিল) জানা গেছে, আখাউড়া-বাইপাস পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কের হরষপুর,  টানপাড়া, আজমপুর, সিংগারবিল বাজার, শ্রীপুর, কাঞ্চনপুর, খিরাতলা, নোয়াগাঁও, আদমপুর, চম্পকনগর, মিলনবাজার, কালীবাজার, আইড়ল, মির্জাপুর, আমতলীবাজার, আলা দাউদপুর, চান্দুরা পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানের পিচ, ইট ও সুরকি সরে গর্তের সৃষ্টি হয়েছে। এদিকে হরষপুর-মির্জাপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কের হরষপুর, নিদারাবাদ, সোনামুড়া, পাঁচগ্রাম, বাগদিয়া, আমতলী, বটতলি, কইছাপাড়া, পাইকপাড়া, হাজীপুর, মির্জাপুর সড়কজুড়েই অসংখ্য বড় বড় গর্তে রাস্তার অবস্থা খুবই শোচনীয়। এই সড়কের কোথাও কোথাও চার থেকে ছয়ফুট গর্ত। ভাঙনের জন্য এই সড়কে অতিমাত্রায় ধুলোর জন্য এই সড়ক দিয়ে চলাচলে সবচেয়ে বেশি দুভোগ পোহাচ্ছে গাড়ীর চালকসহ সাধারণ মানুষকে। নোয়াগাঁও থেকে পত্তন, চম্পকনগর থেকে কালাছড়া ও বিষ্ণপুর-রানওয়ে বাজার সড়কেরও একই অবস্থা।
Bijoynagar Street Pic-05রাস্তার ছবি তোলার সময় হরষপুর-মির্জাপুর সড়রেক বাগদিয়া এলাকায় সিএনজি চালক আলমগীর হোসেন ক্ষোভে বলেন, ‘এই রাস্তার ছবি তুলে নিয়ে যান। দয়া করে কাউকে রাস্তার ছবি দেখাবেন না।’ ক্ষোভে আরেক সিএনজি চালক সফর মিয়া, বাগদিয়া গ্রামের বাসিন্দা বাদশা মিয়া ও জয়নাল মিয়া বলেন, এটি ভিআইপি রাস্তা। একবার গেলে দ্বিতীয় বার যেতে মন চাই না। রাস্তার ভাঙ্গন ও ধুলোর কারণে যাত্রীও বেশি পাওয়া যায় না। তাছাড়া প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা তো ঘটছেই।   
দারিয়াপুর গ্রামের সিএনজি চালক খালেক মিয়া জানান, এক সপ্তাহের মধ্যে তার সিএনজি অটোরিকশার যন্ত্রাংশ দুইবার ভেঙ্গেছে। আড়াই হাজার টাকা খরচ করে তা মেরামত করতে হয়েছে। কালে ভালো গাড়ি নিয়ে বের হলে ভাঙ্গা গাড়ি নিয়ে বাড়ি ফিরতে হয়। বর্ষা মৌসুমের আগে সড়ক মেরামত করা না হলে এই রাস্তা দিয়ে চলা অসম্ভব হয়ে পড়বে।
আব্দুল মতিনের নামের আরেক সিএনজি চালক জানান, মাস দুয়েক আগে উপজেলার আমতলী এলাকায় এক্সেল ভেঙ্গে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। হুমড়ি খেয়ে পরার পরই মূর্চ্ছা যান সিএনজি অটোরিকসার সব যাত্রীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
Bijoynagar Street Pic-07উপজেলার ব্যবসায়ী রতম মিয়া, জুবায়ের মিয়া, কলেজ ছাত্র রুবেল মিয়া ও মো. শিপনসহ এলাকার একাধিক লোক জানান, আখাউড়া উপজেলার সাথে অল্পসময়ে যোগাযোগ একামাত্র সড়ক চান্দুরা-আখাউড়া বাইপাস সড়ক। তারা বলেন, এতো খারাপ রাস্তা দিয়ে চলা আসলেই কঠিন। সড়কটি সংস্কারের অভাবে তাঁদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। কোথাও যেতে সময় বেশি লাগছে এবং টাকাও খরচ হচ্ছে বেশি। তাঁরা আরও জানান, ‘সড়কে অসংখ্য গর্ত থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলতে হচ্ছে যাত্রীদের। এ ছাড়া যানবাহনেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।
বিজয়নগর উপজেলা এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, রাস্তার অবস্থা খুব খারাপ বিষয়টি মিথ্যা নয়। খুব শীঘ্রই চান্দুরা থেকে আখাউড়া বাই পাস সড়ক মেরামত করা হবে। মির্জাপুর হরষপুর সড়ক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই সড়কটি মেরামতের জন্য বিশ্ব ব্যাংক থেকে পাওয়া আর্থিক সহায়তার একটি টেন্ডার প্রক্রিয়াধীন আছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক প্রথম আলোকে বলেন, উপজেলার অধিকাংশ রাস্তারই বেহাল দশা। বিশেষকরে চান্দুরা-আখাউড়া ও মির্জাপুর থেকে হরষপুর পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। রাস্তাগুলো এলজিইডি’র। সাধারণ মানুষকে প্রতিনিয়তই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা বেশ কয়েকবার রাস্তা মেরামতের জন্য প্রস্তাব পাঠিয়েছি।