গাইবান্ধায় কালবৈশাখীর তান্ডব বসতবাড়ি ও গাছপালা ভেঙে একাকার ,ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি: মৃত্যু-১০ আহত-৪০
গাইবান্ধা প্রতিনিধি : কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে গাইবান্ধা। এ জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য বসতবাড়ি ও গাছপালা ভেঙে পড়াসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে ঘর ও গাছের চাপা পড়ে শিশু-নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৪০ জনের বেশী মানুষ। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।
গাইবান্ধা জেলা প্রশাসনের মিডিয়া সেল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো মৃত্যুর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।নিহতরা হলেন, পলাশবাড়ি উপজেলার গোফফার রহমান (৪২), জাহানারা বেগম (৪৮) ও মমতা বেগম (৫৫), সুন্দরগঞ্জ উপজেলার ময়না বেগম (৪০), ফুলছড়ি উপজেলার শিমুলি আকতার (২৭) ও হাফেজ উদ্দিন (৪৪), সাদুল্লাপুর উপজেলার আবদুস ছালাম সর্দার (৪৫), গাইবান্ধা সদর উপজেলার শিশু মনির মিয়া (৫) ও আরজিনা বেগম (২৮) এবং সদরের বাদিয়াখালির শেফালি বেগম (৬৫)।
এরমধ্যে গাছের চাপা পড়ে মৃত্যু হয় শিশু মনির, গোফফার, জাহানারা ও ময়না বেগমের। ঘরের নিচে চাপা পড়ে শিমুলি আকতার ও অটোরিকশা উল্টে মৃত্যু হয় হারিস মিয়ার। এছাড়া দোকান থেকে বাড়ি ফিরেই মৃত্যু হয়েছে আবদুস ছালামের। আরজিনা ও হাফেজ উদ্দিন আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিকে, প্রচন্ড গতির দমকা ঝড়ে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলাসহ প্রত্যন্ত এলাকার বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে গেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভূতুড়ে অবস্থার সৃষ্টি হয়েছে জেলাজুড়েই। দীর্ঘসময় অন্ধকার অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সর্বস্থরের মানুষ।
বিদ্যুৎ বিভাগ বলছে, হঠাৎ দমকা বাতাস ও গাছপালা ভেঙে জেলার বিভিন্ন এলাকার বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে গেছে। ফলে রোববার বিকেল থেকেই জেলা ও উপজেলা শহর ছাড়াও প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ভেঙে পড়া খুঁটিসহ তার মেরামতের কাজ চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদুল হক জানান, ঝড়ো বাতাসে বিদ্যুতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শহরের চেয়ে গ্রামে ক্ষতি বেশি হয়েছে। বিভিন্ন এলাকায় খুঁটি ও তারের ওপড় ভেঙে পড়েছে গাছপালা-ঘরবাড়ি। ভেঙে পড়া গাছপালা সরানোসহ বিদ্যুতের খুঁটি মেরামতে বিভিন্ন এলাকায় কাজ করছে বিদ্যুৎ বিভাগের লোকজন। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কাজ চললেও রাতের মধ্যে তা শেষ করা সম্ভব নয়। এ কারণে রাতভর জেলাজুড়েই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে বিশেষ ব্যবস্থায় জেলা শহর ও গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল রাখার চেষ্টা চলছে।এদিকে, সুন্দরগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের ডিজিএম মিলন কুমার কুন্ডু জানান, জেলার মধ্যে সবচেয়ে বিদ্যুতের লাইন ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরগঞ্জ উপজেলায়। প্রায় ৩২ কিলোমিটার বৈদ্যুতিক লাইন মেরামত ও চেকিং করতে ইতোমধ্যে বিভিন্নস্থানে কাজ করছে কয়েকটি টিম। তবে রাতেই পুরো লাইন চেক করা সম্ভব হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সোমবার দুপুরের আগে সব লাইনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।
গাইবান্ধার জেলা প্রশাসক আবদুল মতিন জানান, ঝড়ো হাওয়ায় জেলার ঘরবাড়ি, গাছপালা ও ফসলের যে ক্ষতি হয়েছে তার পরিমাণ নিরূপণে সাত উপজেলাতে কাজ চলছে। ঝড়ে নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। ভেঙে পড়া গাছ অপসারণ ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রাখতে জেলাজুড়েই বিদ্যুৎ বিভাগের সঙ্গে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘর ভেঙে টিন উড়িয়ে গাছে ঝুলিয়ে রেখেছে ঝড়-আমাদের প্রতিদিন
গাইবান্ধায় ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১০
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বৃষ্টি বিহীন কালবৈশাখি ঝড়ে ভেঙে পড়া গাছ ও ডালের নিচে চাপা পড়ে আহত এক নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নারী ও শিশুসহ ১০ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
মৃত ১০ জনের মধ্যে সদর উপজেলায় চার জন, পলাশবাড়ী উপজেলায় তিন জন, ফুলছড়ি উপজেলায় দুই জন ও সুন্দরগঞ্জ উপজেলায় এক জন। মৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ধনধনি গ্রামের সাহারা বেগম, বাদিয়াখালি ইউনিয়নের সরকারতারি গ্রামের জোসনা রাণী, হরিনসিংহা তিনগাছের তল গ্রামের শিশু মনির মিয়া, আরিফ খাঁ বাসুদেবপুর গ্রামের আরজিনা ও পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামের জাহানারা বেগম, একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের গোফ্ফার মিয়া ও মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর গ্রামের মমতা বেগম, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের শিমুলি আকতার ও এরেন্ডাবাড়ি ইউনিয়নের ডাকাতিয়ার চর গ্রামের হাফেজ উদ্দিন এবং সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামেন ময়না বেগম।
সর্বশেষ রবিবার রাত ৯টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের আরজিনা খাতুন মারা যান।
জেলা প্রশাসক আবদুল মতিন জানান, জেলার বিভিন্ন এলাকায় ঝড়ে গাছ ভেঙে ও চাপা পড়ে ঘটনাস্থল এবং আহত অবস্থায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্নস্থানে আহত হয়েছে অন্তত ২৫ জন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকাভিত্তিক ঝড়ো বাতাসে ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি প্রত্যেক মৃতের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়ছে।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনিছুর রহমান জানান, ঝড়ে চারজনের মৃত্যু ও বিভিন্ন এলাকায় ছোট-বড় কাঁচা প্রায় ২ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে হতাহতের ঘটনা এবং ঘরবাড়িসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন পাঠানো হয়েছে।
রবিবারের কালবৈশাখি ঝড়ে গাইবান্ধার চারটি উপজেলার ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক লাইন লণ্ডভণ্ড হয়ে যায়। সোমবার সকাল থেকে ক্ষতিগ্রস্তরা নিজ উদ্যোগে ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামত কাজ শুরু করেছেন। যেসব গাছ ভেঙে রাস্তায় পড়েছিল, সেগুলো পরিষ্কার করছেন।
এদিকে বৈদ্যুতিক লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় রবিবার বিকেল ৩টা থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ১১টার দিকে জেলা শহরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। কিন্তু সোমবার সকাল ১১টা পর্যন্ত গাইবান্ধা শহরের মহিলা এতিমখানা এলাকায় সরবরাহ চালু হয়নি। পাশাপাশি জেলা শহরের আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু হয়নি।
এ প্রসঙ্গে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর নিবাহী প্রকৌশলী মো. আবদুল মোন্নাফ জানান, রবিবার রাতে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। গ্রামাঞ্চলে মেরামত কাজ অব্যাহত রয়েছে।











