তিস্তার পানিবণ্টন চুক্তিসহ ছয় দফা দাবিতে ‘১০ মিনিট স্তব্ধ’ তিস্তার দুই পাড়’
রংপুর ব্যুরো : রংপুর অঞ্চরের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিস্তা চুক্তি সই করাসহ ছয় দফা দাবিতে ১০ মিনিটের জন্য স্তব্ধ হয়ে ছিলো তিস্তার দুই পাড়।আজ বুধবার সকাল ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত তিস্তার দুই পাড়ের প্রায় ২৩০ কিলোমিটার এলাকা জুড়ে হাট-বাজার, দোকানপাট বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়।
‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের সভাপতি ও বাংলাদেশের ওয়াকার্স পাটির রংপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, তিস্তা নদীকে বলা হয় উত্তরের জীবন রেখা। এ নদী এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকা রক্ষার জন্য দেশীয় এবং আন্তঃদেশীয় ব্যবস্থাপনা জরুরি। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ নদীর ওপর দেশের দুই কোটি মানুষ নির্ভরশীল।
এর আগে ছয়দফা দাবিতে তিস্তার দুই পাড়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্দা জেলায় একযোগে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরেই অংশ হিসাবে আজ বুধবার দুই পাড়ে স্তব্ধ কর্মসূচি পালন করা হলো।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য ড.তুহিন ওয়াদুদসহ ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











