নেশার টাকা না দেওয়ায় দায়ের কোপে মা গুরুতর আহত,মাদকাসক্ত ছেলে আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদকাসক্ত ছেলের বটি-দায়ের কোপের আঘাতে আহত হয়েছে মা। রোববার বিকালে উপজেলার বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মাদকাসক্ত ছেলে মাসুদ মিয়া (২৫) কে আটক করেছে পুলিশ।আহত সায়েরা বেগম (৫০) বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত সাদেক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্হানীয়রা জানায়, বিকেলে মাদকাসক্ত মাসুদ মিয়া(২৫) তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চায়। মাসুদের মা টাকা দিতে রাজি না হওয়ায় ঘরে থাকা বটি-দা দিয়ে মাসুদ তার মাকে কুঁপিয়ে জখম করে। এ মায়ের পেটের দায়ের কোপ লাগে। এতে গুরুতর অবস্থায় সায়েরাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা মাসুদকে আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ গিয়ে মাসুদকে নবীনগর থানায় নিয়ে আসে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশীদ বলেন, আহত সায়েরা বেগমের আঘাত গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মাসুদকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।










