রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিন, সমাবেশে বিএনপি নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীনদের প্রতি পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ ইসির অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দ্রুত বাতিল করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন।

বুধবার ঢাকা উত্তর মহানগর বিএনপির উদ্যোগে খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের সামনের সড়কে দুটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে ‘সারাদেশে নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে’র দাবিতে আয়োজিত সমাবেশে নেতারা এসব কথা বলেন। সমাবেশ উপলক্ষে দুপুরের আগে থেকেই ঢাকা উত্তরের বিভিন্ন ওয়ার্ড থেকে সেখানে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমবেত হন।

নেতাকর্মীদের হাতে হাতে ছিল খালেদা জিয়ার ছবিসংবলিত ‘দেশের মালিকানা ফিরিয়ে দেব জনগণের হাতে’ প্ল্যাকার্ড এবং বাংলাদেশের জাতীয় ও বিএনপির দলীয় পতাকা। তাদের ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সমাবেশের দুই ধারে ছিল বিএনপির আবদুস সালাম পিন্টু, ইসহাক সরকারসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিসংবলিত পোস্টার। দুপুর ২টায় সমাবেশ শুরুর আগেই খিলগাঁও তালতলা মার্কেটের পুরো সড়কে লোকে লোকারণ্য হয়ে পড়ে।

প্রসঙ্গত, ঢাকা উত্তরের মোহাম্মদপুরের শহীদ পার্কে এ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু রাতে পুলিশ সেখানে আপত্তি জানালে সমাবেশের স্থল পরিবর্তন করে খিলগাঁওয়ে আনা হয়। সমাবেশকে ঘিরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। সকাল থেকে খিলগাঁও এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন আজ্ঞাবহ ক্রীতদাসের চেয়েও খারাপ। অবিলম্বে নতুন করে যোগ্য ব্যক্তিদের দিয়ে কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে হবে।’

তিনি বলেন, ‘২০১৪ সালের নির্বাচনেও আরেকটি নির্বাচন কমিশন ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত করেছিল। আমরা সেই নির্বাচনে অংশ নিইনি। আবার বর্তমান কমিশন ২০১৮ সালে কৌশল পরিবর্তন করে আগের রাতে ভোট ডাকাতি করে নিয়েছে। লজ্জা হয়, প্রধান নির্বাচন কমিশনার যখন বলেন ভোট সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে। অথচ তারই একজন কমিশনার মাহবুব তালুকদার খুব পরিস্কার করে বলেছেন, এই কমিশন ভোট গ্রহণের, পরিচালনার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার যোগ্য নয়।’

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এ সরকার খুব দুর্বল সরকার। এ জন্য নিজেদের রক্ষা করার জন্য নতুন নতুন আইন তৈরি করতে হয়। তারা ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে। তারা মোবাইল, ফেসবুক এগুলো নিয়ন্ত্রণ করে, মনিটর করে।’

প্রধান বিচারপতির উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই আমাদের জানাতে হবে যে, কোন কাজে রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়। লেখালেখি করলে রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়? মুশতাক আহমেদকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়, কার্টুনিস্ট কিশোরের শরীর রক্তাক্ত করা হয়, তার মাথার মধ্যে রক্তপাত হয়। সেখানে ইমেজ নষ্ট হয় না? প্রায় ৭০০ লেখক- তারা লেখালেখি করার জন্য এই ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আছেন। তখন রাষ্ট্রের ইমেজ নষ্ট হয় না? আমেরিকার ১০ জন সিনেটরের চিঠিতে বলা হয়েছে- বাংলাদেশে আইনের শাসন নেই, এখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়, বিনা বিচারে মানুষকে আটক রাখা হয়, চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়; তখন ইমেজ নষ্ট হয় না? যখন সাতটি মানবাধিকার প্রতিষ্ঠান বিবৃতি দেয়- বাংলাদেশে মানুষের মানবাধিকার নেই, সব অধিকার লঙ্ঘিত হচ্ছে অন্যায়ভাবে, এখানে হয়রানি-নিপীড়ন করা হচ্ছে, তখন ইমেজ নষ্ট হয় না?’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘শুধুমাত্র একজনের জন্য, শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য, শুধুমাত্র একটি পরিবারের জন্য, একটি রাজনৈতিক দলের জন্য এ দেশে স্বাধীনতা আসেনি। বছরের পর বছর ধরে কৃষক-শ্রমিক মেহনতি মানুষের পরিশ্রম, আত্মত্যাগ, বিভিন্ন দলের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে। সেই স্বাধীনতাকে ছুড়ে ফেলে দিয়েছে ক্ষমতাসীন সরকার।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ঢাকা সফরকালে সীমান্ত হত্যা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদও জানান বিএনপি মহাসচিব।

ভোট চুরি প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের বিচার হওয়ার আগে এই নির্বাচন কমিশনের বিচার হবে। বুকের রক্ত দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। কারণ, দেশ আজ মাফিয়া চক্রের হাতে। এই চক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনে জিততে হবে। ঢাকা উত্তর ও দক্ষিণে সবাইকে একসঙ্গে নামতে হবে। আমরা একসঙ্গে নামতে পারলে জয়ী হবো। চোরের দশ দিন, গৃহস্থের একদিন।’

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এই দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার একটি পথ আছে। সেটা হচ্ছে রাজপথের আন্দোলন। কারণ, বাংলাদেশে সব কিছু আদায় হয়েছে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে।’

প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, ‘এই আন্দোলন-সংগ্রাম সফল করতে, এই সরকারের পতন ঘটাতে কথা দিচ্ছি, প্রথম বুলেটটা নেওয়ার জন্য আমার বুক পেতে দেব। পালিয়ে যাব না।’

সভাপতির বক্তব্যে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ”ঢাকাসহ বাংলাদেশে ভোট কর্মসূচির নামে নিয়মিত তামাশা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে আর ‘নিশ্চুপ’ না থেকে রাস্তায় নামতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশে মেয়র প্রার্থীদের মধ্যে বরিশালের মজিবুর রহমান সারোয়ার, খুলনার নজরুল ইসলাম মনজু, চট্টগ্রামের ডা. সাহাদাত হোসেন, রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য দেন। এ ছাড়া বিএনপি নেতাদের মধ্যে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব-উন নবী খান সোহেল, শামা ওবায়েদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, শিরিন সুলতানা ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।