শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ট্যাম্পে পৌনে ৪ লাখ টাকা ঘুষ গ্রহণের স্বীকারোক্তি

Crime Logoআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া থেকে : তল্পিতল্পা নিয়ে নতুন কর্মস্থলে যেতে পারলেন না ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. আল মামুন। ঘুষের টাকা প্রদানকারীরা আটকে দিল তার যাত্রা। মালবোঝাই ট্রাক আটকে মালামাল আনলোড করা হলো। এরপর টাকা ফেরত পাওয়ার জন্য দিনভর ঘেরাও করে রাখা হলো তাকে। সন্ধ্যার পর স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে ফয়সালা হয় একটা। ভূমি সহকারী কর্মকর্তা টাকা নেয়ার কথা স্বীকার করে স্ট্যাম্প ও সাদা কাগজে লিখিত স্বীকারোক্তি দেন। সোমবার সবার টাকা ফেরত দেবেন বলে অঙ্গীকার করেন। স্ট্যাম্পে ১৫ জনের কাছ থেকে পৌনে ৪ লাখ টাকা ঘুষ নেয়ার স্বীকারোক্তি রয়েছে তার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা হিসেবে ৩ বছর ধরে কর্মরত ছিলেন মো. আল মামুন। সম্প্রতি তাকে নাসিরনগর উপজেলায় বদলি করা হয়। পরিবার নিয়ে গত ৯ই এপ্রিল নাসিরনগরে পাড়ি জমানোর সময়ই খবর পেয়ে যান তাকে ঘুষ প্রদানকারীরা। ছুটে এসে তারা মালভর্তি ট্রাক আটক করেন। এরপর শুরু হয় টাকার জন্য দেন-দরবার। হরষপুর গ্রামের কামরুল হাসান শান্ত  ও নিদারাবাদ গ্রামের এসএম জহিরুল আলম চৌধুরী টিপু জানান, এর আগে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মামুন বদলি হয়ে গেছেন তা কেউ জানতো না। গোপনে চলে যাওয়ার সময় ভুক্তভোগী লোকজন তাকে আটক করে অফিস কক্ষে প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। টাকার জন্য লোকজন ভূমি অফিসে এসে ভিড় জমায়। প্রত্যক্ষদর্শী এ দু’জন আরও জানান, সন্ধ্যার পর সেখানে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সর্দার-মাতব্বরগণ আসেন। তাদের সামনে ভূমি কর্মকর্তা মামুন ১৫ জনের কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার ৫শ’ টাকা নিয়েছেন বলে সাদা কাগজ ও ১৫০ টাকার স্ট্যাম্পে লিখিত স্বীকারোক্তি দেন। সোমবার এই টাকা ফিরিয়ে দেবেন বলে উল্লেখ করেন। এনিমির জায়গা, খারিজ, নামজারি খারিজ, বাজারে দোকানঘর বরাদ্দ দেয়ার নামে এই টাকা নেয়ার কথা জানান ইউনিয়ন ভূমি কর্মকর্তা। যাদের কাছ থেকে এই টাকা নেয়া হয় তারা হচ্ছেন বাগদিয়া গ্রামের ইব্রাহিম ৭৭ হাজার টাকা, আবন মিয়া ১৬ হাজার ৫শ’ টাকা, জিয়াউর রহমান ১৭ হাজার টাকা, খেলু মিয়া ১৭ হাজার টাকা, বড়চাল গ্রামের জাকির হোসেন ২৩ হাজার টাকা, বাদশা মিয়া ৩৩ হাজার টাকা, জহির মিয়া ১৭ হাজার টাকা, আমেনা ১৮ হাজার টাকা, কাইয়ুম ১৯ হাজার টাকা, আবদুল মোমিন ১৯ হাজার টাকা, সোহেব উদ্দিন ৬৫ হাজার টাকা, হরষপুরের ইদন শাহ ২১ হাজার টাকা, কালু মিয়া ১৮ হাজার টাকা ও পলাশ ১৩ হাজার টাকা। ঘুষ প্রদানকারী ইব্রাহিম মিয়া জানান, বাগদিয়া মৌজায় তার পৈতৃক ৩৫ কানি জমি তিনিসহ অন্য ওয়ারিশদের নামে খারিজ করার জন্য তহশিলদার মামুনকে ৭৭ হাজার টাকা দেন তিনি ২ বছর আগে। কিন্তু খারিজ না করে সে নানা টালবাহানা করতে থাকে। প্রথমে এক লাখ টাকা দাবি করা হয়েছিলো তার কাছে। পরে ৮০ হাজার টাকায় রফাদফা হয়। বাগদিয়া গ্রামের মো. মাহবুব বলেন, তার একটি নাল জমি খারিজ করার জন্য তিনি ৩ মাস আগে তহশিলদারকে ১৬ হাজার ৫শ’ টাকা দেন। ৯ই এপ্রিল তহশিলদার চলে যাচ্ছে বলে খবর পেয়ে দুপুরের দিকে তিনি সেখানে আসেন। এসে দেখেন ট্রাকে মালামাল ভর্তি করা হয়েছে। এরপর তারা ট্রাক থেকে মালামাল নামিয়ে ফেলেন। তখন তহশিলদারের স্ত্রী আমাকে আশ্বাস দেন টাকা ফেরত দেবে বলে। বলে- ‘এখন টাকা বস্তার ভেতর ভইরা ফেলছি। সন্ধ্যায় আপনাকে টাকা দিয়ে দেব’। মাহবুব জানান, কিন্তু সন্ধ্যায় সে অবরুদ্ধ থাকায় টাকা আর ফেরত দিতে পারেননি। তিনি আরো জানান, তালিকা হওয়ার পর তিনি সেখানে আসেন। সেজন্য তালিকায় তার নাম নেই। তার আরও দু-একজন আত্মীয়ও তহশিলদারকে টাকা দিয়েছেন যাদের নাম তালিকায় নেই। উপস্থিত যারা ছিলো তাদের নামই শুধু তালিকায় উঠেছে। কিন্তু এর বাইরে গত ৩ বছরে সে হরষপুর ইউনিয়নের অনেক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তাকে ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় সর্দার গাজী মিয়া এই টাকার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায়, টাকা সে নিদারাবাদের আবদুস সামাদ মাস্টারের ছেলে মজিদ ও হানিফ মাস্টারের কাছে রেখেছে। গ্রামের লোকজন জানান, সন্ধ্যার পর নিদারাবাদ গ্রামস্থ দেওয়ানবাজারে মামুনের অফিসটিতে গোপন লেনদেন করতে আসা লোকজনের ভিড় থাকতো। অফিসের সামনের দরজা বন্ধ রেখে পেছনের দরজা দিয়ে আসা-যাওয়া করতো সবাই। প্রতি গ্রামে ছিল তার দু-একজন করে দালাল। তাদের মাধ্যমেই সে টাকার চুক্তি করতো। এমন দু-জনের নাম ভূমি কর্মকর্তা নিজেই জানিয়েছেন অবরুদ্ধ অবস্থায়। তারা হচ্ছে নিদারাবাদের মজিদ ও হানিফ মাস্টার। অফিস সহকারী মো. শিপন মিয়াও টাকা হাতিয়ে নেয়ার ওস্তাদ। টাকা নেয়ার সময় গ্রামের অশিক্ষিত লোকজনের কাছ থেকে ভূমি কর্মকর্তা সাদা কাগজে স্বাক্ষর ও টিপসহি রাখতেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এই অফিসে রাতে মদ-গাঁজার আসর জমতো বলেও এলাকাবাসীর অভিযোগ। ভূমি কর্মকর্তা নিজেও মাদকাসক্ত বলে জানান তারা। এবিষয়ে কথা বলার জন্য ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. আল মামুনের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। তবে হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খারিজ করে দেয়ার কথা বলে সে বিভিন্ন জনের কাছ থেকে  টাকা নিয়েছে। বদলি হয়ে যাওয়ার পর পাওনাদাররা তাকে সে টাকার জন্য ঘিরে ধরে। আমি এর একটা ফয়সালা করেছি। সে সোমবার পর্যন্ত সময় নিয়েছে। বলেছে যাদের টাকা নিয়েছে তাদের খারিজের কাগজপত্র এনে দেবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া বলেন- তার (মামুন) ব্যাপারে আমি আগেই অভিযোগ পেয়েছিলাম। এরপর আমি ডিসি স্যারকে বলে তাকে বদলি করে দিয়েছি। এখন সে আমার এখানে নেই। লেনদেনের বিষয়টি তার ব্যক্তিগত ব্যাপার। তবে এব্যাপারে অভিযোগ পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।