,

ইসির পদত্যাগ ও ফের ভোট দাবি সালাহউদ্দিনের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৫ সংসদীয় আসনে উপনির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং ফলাফল বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। পাশাপাশি অনিয়মের প্রতিবাদে আগামীকাল রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টায় নির্বাচনী এলাকায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ধানের শীষের প্রতীকধারী প্রার্থী সালাহউদ্দিন আহমেদ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এর আগে সকাল ৯টায় এ আসনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে সালাহউদ্দিন আহমেদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করেন আরও পাঁচজন। ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়েন কাজী মনিরুল ইসলাম।

ভোট চলাকালে সকাল পৌনে ১০টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল ও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ৯৫ ভাগ কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এ নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে আজ পর্যন্ত কোনো নির্বাচন করতে পারেনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি এ নির্বাচনের প্রথম দিন থেকে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি। এমনকি আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছি, সেখানেও আমাকে বাধা দেয়া হয়েছে। আমার তো জন্মগত অধিকার এ এলাকার কোনো মসজিদে গিয়ে নামাজ পড়া এবং তাদের কাছে ভোট চাওয়া, দোয়া চাওয়া। কিন্তু সেটাও আমাকে করতে দেয়া হয়নি। আমরা যখনই গণসংযোগে গিয়েছি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে এবং তখনই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে।

বিএনপির এ প্রার্থী বলেন, আওয়ামী সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করেছে। আপনারা দেখেছেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আমাদের দুই এজেন্ট বোনকে অপদস্ত করে বের করে দেয়া হয়েছে। এছাড়া আর কে মিশন চৌধুরী স্কুলে আমাদের আরেক নারী এজেন্টের ওপর হামলা করে তাকে বের করে দেয়া হয়েছে। এমনকি তার গায়ে হাতও দেয়া হয়েছে।

প্রিসাইডিং অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপি প্রার্থী বলেন, প্রায় সব কেন্দ্রেই আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। যেসব কেন্দ্রে এজেন্ট ঢুকেছে তাদেরও বের করে দেয়া হয়েছে। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেননি। আমরা রিটার্নিং কর্মকর্তাকে বারবার অবহিত করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। আপনাদের মাধ্যমে আমরা এ অনিয়মে জর্জরিত অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য