মির্জা ফখরুল বললেন, দেশে রাজনৈতিক পরিবর্তন জরুরি হয়ে উঠেছে
নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে রাজনীতির ক্ষেত্রে পরিবর্তন খুব বেশি জরুরি হয়ে উঠেছে। মানুষের বেঁচে থাকার নিশ্চয়তার জন্য, সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য এই পরিবর্তন খুবই জরুরি। দেশের কোথাও কোনো জবাবদিহি নেই। যা খুশি তাই করা হচ্ছে। এই মহামারিতে বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, এমন দুর্নীতি পৃথিবীর অন্য কোথাও হয়নি।
গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ম্ফোরণের ঘটনায় তদন্তের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ দুর্ঘটনা বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য, এসির জন্য নাকি কোনো নাশকতা, জাতি তা এখনও জানতে পারছে না। তাই এ ব্যাপারে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে অবিলম্বে তদন্ত কমিটি করা দরকার এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির বিধান করা দরকার। এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে আহত এবং নিহতদের ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।
সরকারের গঠিত তদন্ত কমিটির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, মসজিদে বিস্ম্ফোরণের ঘটনা নিয়ে সরকার বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। কেউ বলছেন, বেআইনিভাবে সরকারি জায়গায় গ্যাসলাইনের ওপরে মসজিদ করা হয়েছে। এটা তো এই মুহূর্তে বিবেচ্য বিষয় নয়।
মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, গত কয়েক বছরে পুলিশ হেফাজতে ও বিচারবহির্ভূত হত্যা কয়েকগুণ বেড়েছে। মেজর (অব.) সিনহা হত্যার ঘটনা চোখ খুলে দিয়েছে, বিষয়টিকে একেবারে সামনে নিয়ে এসেছে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এসব ঘটনা ঘটছে। বেশি ঘটেছে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে। সেগুলো সবই ছিল রাজনৈতিক। এসব সেভাবে প্রকাশ্যে আসেনি। বিএনপি অনেক কথা বলেছে, মানববন্ধন করেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে গণমাধ্যম ও জাতির সামনে নিয়ে আসার চেষ্টা করেছে। ক্ষতিগ্রস্তরা জাতিসংঘের সদর দপ্তর জেনেভায় পর্যন্ত গেছে। আন্তর্জাতিকভাবে সর্বক্ষেত্রে এ বিষয়গুলো উত্থাপিত হয়েছে। আওয়ামী লীগ সরকার সবসময় এগুলো এড়িয়ে গেছে। যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থাগুলো এখন এতটা ক্ষমতাশালী যে রাষ্ট্রের মধ্যে তারা আরেকটা রাষ্ট্র তৈরি করেছে। অবিলম্বে বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনওর ওপর হামলার ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ওই ইউএনও জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আর বলা হচ্ছে, চুরির জন্য এই আক্রমণ করা হয়েছে। এই হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক প্রতিচ্ছবি। নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে এ ঘটনার তদন্ত হওয়া উচিত।
গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় জনগণকে ‘ঘুরে দাঁড়ানোর’ আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষের এখন এই সরকারের কাছে জবাব চাওয়া উচিত; বলা উচিত, এনাফ ইজ এনাফ। দয়া করে বাংলাদেশের মানুষকে ক্ষমা দাও, তোমরা চলে যাও এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা করা হোক।’











