রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন নড়াইলে আ. লীগ নেতা সিদ্দিক

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় সরকারি কর্মচারি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিদ্দিক আহম্মেদের পরিবার সূত্রে জানা গেছে, আগস্টের শুরুতে করোনায় আক্রান্ত হন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৮ তারিখে ঢাকার কর্মচারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রাখা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান তিনি।

তার আত্মীয় সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম নবী জানান, সোমবার সকাল ১০টায় নড়াইল আইনজীবী সমিতি ভবনে তার স্মরণে শোক সভা এবং ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। পরে নড়াইল পৌর গোরস্থান চত্বরে জানাজা, রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার এবং নড়াইলের বঙ্গবন্ধু স্কোয়াডে তাকে দাফন করা হবে।

সিদ্দিক আহম্মেদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এছাড়া নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ জেলা আওয়ামী, অঙ্গ ও সহযোগী সংগঠন সদ্য প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা, বিদেহী আত্মার শান্তি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।