ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান নেজামীর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী (৮৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার রাত ৮টা ২৫ মিনিটে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
মাওলানা আব্দুল লতিফ নেজামী ভাতিজা স্বপন আহমেদ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
স্বপন বলেন, ‘সায়েদাবাদের বাসায় ইফতারের পর ওজু করতে গিয়ে পড়ে যান তিনি। তারপর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।’
চিকিৎসকদের বরাত দিয়ে স্বপন জানান, মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
আবদুল লতিফ নেজামী দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকালের পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন মাওলানা আবদুল লতিফ নেজামী। দলটি চারদলীয় জোট গঠন থেকে শুরু করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গুরুত্বপূর্ণ শরিক ছিলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০১৬ সালের ৭ জানুয়ারি ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ঘোষণা করেছিলেন, ‘২০ দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’











