পেট্রোল বোমা মেরে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না-আনিসুল হক
নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি বলেছেন, বর্তমান সরকার ৫ বছরের জন্য নির্বাচিত। বিএনপি নেত্রীকে মেয়াদপূর্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।মন্ত্রী বলেন; বেগম খালেদা জিয়া আইনকে বৃদ্ধাঙ্গলী দেখাচ্ছেন। বাংলার মানুষ তা হতে দেবে না। এদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি আরো বলেন; নাটক না করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে হাজির হওন। তিনি বুধবার সকালে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মইনপুর বাজারে জনতা ব্যাংকের ৯০৫তম শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট পেট্রোল বোমা মেরে ক্ষমতায় যেতে চায়। কিন্তু পেট্রোল বোমা মেরে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা শাহীন সুলতানা, মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা বিলকিস বেগম, আইনমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, কাজী মোঃ আজহারুল ইসলাম ও কায়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন সরকার। স্বাগত বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ কামাল উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মোঃ জাকির হোসেন, শিক্ষক খন্দকার রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ এমরান উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ।
বিকেলে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে কসবা উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুমের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











