মান্না হাসপাতালে
ডেস্ক রির্পোট : রিমান্ডে চলাকালে অসুস্থ হয়ে পড়লে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বিতীয় দফা পুলিশি রিমান্ডে থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাত ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। ডিবি পুলিশের একটি দল তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে সিসিইউতে নিয়ে ইসিজি করা হয়। শরীর থেকে রক্ত সংগ্রহ সহ পরীক্ষা-নিরীক্ষার জন্য বারডেম হাসপাতালে পাঠানো হয়। দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহসিন জানান, মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় হৃদরোগ বিভাগের ১১নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মাহমুদুর রহমান মান্নার ছেলে নিলয় গণমাধ্যমকে জানিয়েছেন, তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা তারা শুনেছেন। খবর পেয়ে তারা হাসপাতালে যাচ্ছেন। উল্লেখ্য, গত ২৩শে ফেব্রুয়ারি রাতে বনানীর একটি বাসা থেকে মান্নাকে আটক করে র্যাব। এরপর ১৯ ঘণ্টা তার অবস্থান সম্পর্কে অন্ধকারে ছিল সবাই। পরদিন ২৪শে ফেব্রুয়ারি রাতে র্যাব তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তবে পুলিশের দাবি, ২৪শে ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির স্টার কাবারের সামনে থেকে মান্নাকে আটক করে র্যাব। এদিকে আটকের পর থেকে পুলিশ হেফাজতে আছেন তিনি। ২৫শে ফেব্রুয়ারি আদালতে উপস্থাপন করে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ২৪শে ফেব্রুয়ারি গুলশান থানায় দায়ের করা এক মামলায় মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সেনাবাহিনীকে উৎসাহিত করতে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ৫ই মার্চ গুলশান থানায় দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় ৭ই মার্চ থেকে দ্বিতীয় দফায় ১০ দিনের পুলিশি রিমান্ডে নেয়া হয় মান্নাকে।











