হরতাল সমর্থনে নয়াপল্টনে বিএনপির দুই মেয়রপ্রার্থী
নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
রবিবার হরতাল সমর্থনে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত হন দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা।
বেলা ২টার কিছু সময় পরে তারা দলীয় কার্যালয়ে সামনে এসে উপস্থিত হন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।
এ সময় ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ফলাফলে যে পরিমাণ ভোট কাস্ট দেখানো হয়েছে, তার চাইতে অনেক কম ভোট কাস্ট হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ সমর্থকরা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়নি।
তিনি বলেন, যে ফলাফল ঘোষণা হয়েছে সেটি সম্পূর্ণ মনগড়া একটি সাজানো ফলাফল। এ ফলাফলের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। আমরা এ ফলাফল প্রত্যাখ্যান করছি।
ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেন, ন্যূনতম সুষ্ঠু কোনো ভোট হয়নি। এ রকম নির্বাচন আমরা কখনই প্রত্যাশা করেনি। আমরা এই ভোট চুরির নির্বাচন প্রত্যাখ্যান করছি।











