ছুটির দিনে উপচে পড়া ভিড় বাণিজ্য মেলায়
নিউজ ডেস্ক : জানুয়ারির শুরু থেকেই শৈত্যপ্রবাহ ছিল। মেঘলা আকাশ আর উত্তুরে বাতাসের সম্মিলনে কনকনে শীত বয়ে গেছে দেশব্যাপী। রাজধানী ঢাকাও তার বাইরে ছিল না। ছেলে-বুড়ো সবাই এ সময় জবুথবু দিন পার করেছে।
অনেকদিন পর শুক্রবার ছুটির দিনের আকাশে সূর্য হেসেছে। তাপমাত্রাও বেড়েছে কিছুটা। দিনভর রোদের ঝিলিক ছিল সর্বত্র। আর এতে হেসেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা। অনুকূল আবহাওয়া পেয়ে ব্যাপক ক্রেতা-দর্শকের সমাগম হয়েছিল বাণিজ্য মেলায়। রোদমাখা হাসি ছিল ব্যবসায়ীদের মুখে।
সরেজমিন দেখা গেছে, সকালে মেলা শুরুর পর থেকেই ক্রেতা-দর্শকরা আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-দর্শকদের সমাগমও বেড়েছে। বিকেলের পর মেলা মাঠ ভরে ওঠে কানায় কানায়। বলা যায়, তিল ধারণের ঠাঁই ছিল না। ব্যাপক লোক সমাগমের কারণে মেলা মাঠের চারপাশের সড়কগুলোতেও দুপুরের পর থেকে যানজট লেগে যায়। রোকেয়া সরণিতে মেট্রোরেলের কাজ চলায় সেখানে সড়কের প্রশস্ততা বেশ কমে গেছে আগে চেয়ে। প্রচুর মানুষ আসায় এই সড়কটিতে দিনভরই গাড়ি চলেছে থেমে থেমে।
বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত সড়কের গতি ছিল একদম কম। এ ছাড়া অন্য সড়কগুলোতে যানজট দেখা গেছে। মেলাকে কেন্দ্র করে সড়কের শৃঙ্খলায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হিমশিম খেয়েছেন যানজট সামলাতে। এ ছাড়া মোটরসাইকেল ও প্রাইভেটকারের পার্কিং সামলানোও বেশ কষ্টকর হয়েছে শুক্রবার। মেলার ৩৫টি কাউন্টার থেকে টিকিট সরবরাহ করার পরও দীর্ঘ লাইন তৈরি হয়েছে। কাউন্টারের বাইরেও টিকিট সরবরাহ করেছে মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা কোম্পানি বিকাশ। সংস্থাটি অ্যাকাউন্ট খোলার শর্তে বিনামূল্যে টিকিট সরবরাহ করেছে।
সংস্থাটির লোগো সংবলিত গেঞ্জি বা জ্যাকেট পরে শতাধিক তরুণ-তরুণী মেলায় আসা ক্রেতা-দর্শকদের জাতীয় পরিচয়পত্র নিয়ে তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্ট খুলে টিকিট দিয়েছেন। মেলা শুরুর পর থেকে শুক্রবার পর্যন্ত তিনটি শুক্রবার গেছে। ৩ জানুয়ারি প্রথম শুক্রবার ব্যাপক ঠান্ডা ছিল। আবার ওই সময় মেলাও ছিল কিছুটা অগোছালো।
পরের শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানের জন্য মেলা ছিল বন্ধ। ফলে মেলা শুরুর পর শুক্রবারই প্রথম ক্রেতা-দর্শনার্থীরা অনুকূল পরিবেশে বন্ধের দিন পেয়েছেন। এর প্রভাবও দেখা গেছে মেলা মাঠে। এদিকে বাণিজ্য মেলা প্রাঙ্গণের পাশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে বঙ্গবন্ধু ডিজিটাল মেলা। সেখানেও প্রচুর দর্শনার্থী এসেছেন। সব মিলিয়ে এদিন বিকেলে শেরেবাংলা নগর জনসমুদ্রে পরিণত হয়।
অনেকে এসেছেন মেলায় বেড়াতে। অনেকে এসেছেন কেনাকাটা করতে। একসঙ্গে দুটোই সেরে নেওয়ার লোকও কম নয়। ছেলে-বুড়ো, তরুণ-তরুণীরা বন্ধু-বান্ধব ও সপরিবারে মেলায় ঘুরেছেন। খাওয়ার হোটেলগুলোতে দুপুরের পর থেকে বসার জায়গা ছিল না। প্রত্যেকটি প্যাভিলিয়ন, স্টল ছিল কানায় কানায় পূর্ণ। এমনকি এটিএম বুথে লাইন দিয়ে টাকা তুলেছেন অনেকে। অনেকে বন্ধু বা পরিবারের সদস্যদের হারিয়ে মাইকে ঘোষণা দিয়েছেন।
মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের বিশ্রামের জায়গায় লোকজনের সংকুলান হয়নি। অনেকে বাধ্য হয়েছে মেলা প্রাঙ্গণে তৈরি ফুলের বাগানগুলোর দেয়ালে, অনেকে কোনো কোনো প্যাভিলিয়ন বা স্টলের সামনের খালি জায়গায় বসে বিশ্রাম নিয়েছেন। অনেকে মেলায় ঘুরে ঘুরে ছবি তুলেছেন। দূরে থাকা বন্ধুদের মেলার স্বাদ দিতে ফেসবুক লাইভও করতে দেখা গেছে কয়েকজনকে।
কয়েকটি স্টলের বিক্রেতারা বলেছেন, এ রকম কয়েকটি ছুটির দিন গেলে মেলায় অংশ নেওয়া তাদের সফল হবে। মেলা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় বেচাকেনা বেশি। অধিকাংশরাই কিছু না কিছু কিনেছেন। অনেককে দেখা গেছে দু’হাতে একাধিক ব্যাগভর্তি পণ্য কিনে ফিরছেন। শীত কমলেও গরম কাপড়ের বিশেষ করে শাল, ব্লেজারের স্টলগুলোতে ব্যাপক ভিড় ছিল। কাশ্মীরি শাল নামে যেসব শাল বিক্রি হচ্ছে, সেগুলোর স্টলে নারী ক্রেতাদের বেশি দেখা গেছে। আবার পুরুষদের দেখা গেছে ব্লেজারের স্টলগুলোতে। এ ছাড়া গৃহস্থালি পণ্য, আসবাবপত্র, মসলা, ভোগ্যপণ্য, প্লাস্টিক পণ্য, ইমিটেশন গহনার স্টলগুলোতে বেশি ভিড় দেখা গেছে। ঠান্ডার দিন হলেও শুক্রবার আইসক্রিমের দোকানে ভিড় ছিল বেশি।
৬৪ নম্বর স্টলের কাশ্মীরি শাল বিক্রেতা রেজাউল ফয়েজ রেজা বলেন, অন্যান্য যে কোনো দিনের তুলনায় আজ বেশি লোকসমাগম হয়েছে। ফলে কেনাবেচাও বেশি। সপরিবারে মেলায় এসেছিলেন শান্তিনগরের বাসিন্দা ইকবাল হোসেন। তিনি বলেন, মেলায় একসঙ্গে দুটোই হয়ে গেল। ছুটির দিনের বেড়ানোর পাশাপাশি ঘোরাঘুরিও হলো।
এ ছাড়া মেলায় এক জায়গায় বিভিন্ন ধরনের পণ্য কেনারও সুযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে একটা আনন্দময় বিকেল কাটল।











