খালেদা জিয়ার জামিন দেয়া না দেয়ার এখতিয়ার সম্পূর্ণ আদালতের : স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দণ্ডপ্রাপ্ত হয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া কারাগারে আছেন। তাকে জামিন দেয়া না দেয়ার এখতিয়ার সম্পূর্ণ আদালতের। এতে সরকারের কোনো হাত নেই। তিনি বলেন, আদালতে হট্টগোল করে কখনও জামিন পাওয়া যায় না।
শুক্রবার সাটুরিয়া উপজেলায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। বিকালে সাটুরিয়ার জান্না উচ্চ বিদ্যালয় মাঠে সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জনসভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভাণ্ডারী প্রমুখ বক্তব্য দেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ৭৮ লাখ টাকা ব্যয়ে একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে জনসভাটি অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দলীয় লোক বলে কাউকে ছাড় দেয়া হচ্ছে না। সব অন্যায়কারী ও দুর্নীতিবাজকে শাস্তির আওতায় আনা হবে।
তিনি বলেন, নেতা নির্বাচনে ভুল করলে দেশ ও এলাকায় উন্নয়ন হয় না। জনগণ ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে নেতা নির্বাচন করেছেন বলে দেশের এত উন্নয়ন হচ্ছে। ভোট দিয়ে আমাকে নেতা বানিয়েছেন। আমিও এলাকার উন্নয়নে চেষ্টা করছি। তিনি আরও বলেন, বিগত দিনে বিএনপি প্রার্থীকে ভোট দিয়েছিলেন বলে এলাকার কোনো উন্নয়ন হয়নি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেক্টরেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। আটটি বিভাগীয় শহরে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা হাসপাতালে ১০ বেডের কিডনি ডায়ালোসিস ইউনিট করা হবে।











