বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপাতত বাড়ছে না গ্যাস-বিদ্যুতের দাম

gas elডেস্ক রির্পোট : গ্যাস ও বিদ্যুতের দাম আদৌ বাড়ানো হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। যে কারণে কথা থাকলেও এখনই বৃদ্ধি পাচ্ছে না গ্যাস-বিদ্যুতের দাম। এ বিষয় আরো ভালোভাবে পর্যালোচনা করে এপ্রিল মাসের শেষ নাগাদ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির ঊধ্বর্তন এক কর্মকর্তা বলেন, গত ২০ থেকে ২৫ জানুয়ারি দেশের পাঁচটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর এবং ২ থেকে ৫ ফেব্রুয়ারি গ্যাসের সঞ্চালন হার ও দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করে বিইআরসি। গুণশুনানিতে বেশিরভাগ কোম্পানির বিদ্যুতের দাম না বাড়ানোর পক্ষে মত দেয় বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।

জানা গেছে, দেশে গ্যাসের সংকট মেটাতে তরল গ্যাস আমাদানির উদ্যোগ নেওয়া হয়েছে। যখন তরল গ্যাস আমদানি শুরু হবে, তখন গ্যাসের দাম বেড়ে যাবে।  তাই বর্তমানে যে দামে গ্যাস দেওয়া হচ্ছে তা বাড়ানো প্রয়োজন।

এ ছাড়া প্রতিষ্ঠানগুলো গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা, লোকসান এবং অর্থসংকটের যে অজুহাত দেখিয়েছে তার পেছনের কারণ মূলত ভিন্ন বলে জানান এক দায়িত্বশীল কর্মকর্তা।

তিনি বলেন, বর্তমানে বেশিরভাগ কোম্পানিরই অর্থসংকট নেই। আর আইন অনুযায়ী দাম বাড়ানোর শর্তও পূরণ করতে পারছে না গ্যাস ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। এ ছাড়া অধিকাংশ কোম্পানি মুনাফায় থাকায় মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারছে না বিইআরসি।

আরো জানা গেছে, গ্যাস খাতের কোম্পানিগুলো অর্থসংকটের কথা বললেও ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত তাদের স্থায়ী আমানত (এফডিআর) হিসেবে ব্যাংকে জমা রয়েছে ১১ হাজার কোটি টাকারও বেশি। এর এর মধ্যে পেট্রোবাংলার ৪ হাজার ৬৯৩ কোটি ৪৬ লাখ, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৩ হাজার ৬৫৬ কোটি ৬২ লাখ টাকা এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) স্থায়ী আমানতের পরিমাণ হচ্ছে ৯৪৪ কোটি ৫০ লাখ টাকা।

এ ছাড়া কর্ণফুলী গ্যাস কোম্পানির ৬৮৩ কোটি ৯৮ লাখ, বাখরাবাদ গ্যাস কোম্পানির ৬২৯ কোটি, জালালাবাদ গ্যাস কোম্পানির ৪২৫ কোটি ২৭ লাখ, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ১১৪ কোটি ৮৭ লাখ, সুন্দরবন গ্যাস কোম্পানির ৩ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে।

খাত-সংশ্লিষ্টদের মতে, ব্যাংকে  অর্থ ফেলে রেখে উচ্চ সুদে ঋণ নেওয়া কোনোমতেই যৌক্তিক হতে পারে না।  ব্যাংকে রেখে আমানতের সুদ পাবে, আর প্রয়োজনের সময় উচ্চ সুদে ঋণ নেবে, এটা সমর্থনযোগ্য নয়। এগুলো হচ্ছে মূলত অর্থসংকটের কথা বলে বিদেশি কোম্পানিকে ডেকে আনার পাঁয়তারা মাত্র। অথচ অধিকাংশ কোম্পানি বর্তমানে মুনাফায় থাকার পরও লোকসানের পূর্বাভাস দিয়ে মূল্যবৃদ্ধির আবেদন করেছে। কিন্তু সেবা খাতে অতিরিক্ত মুনাফা অর্জনে সহায়তা করার বিধান নেই।

এ প্রসঙ্গে  বিইআরসির সদস্য ড. সেলিম মাহমুদ বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়ে বিতরণ কোম্পানিগুলোর কাছে আরো তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে। এসব তথ্য-উপাত্ত কমিশন ভালোভাবে খতিয়ে দেখবে। ফলে এতে একটু সময় লাগবে। এ ছাড়া আইনানুযায়ী শুনানির পরও ৯০ কার্যদিবস সময় পাবে কমিশন।

কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, সরকারকে ভর্তুকি দিয়ে হলেও ভোক্তার স্বার্থে এ খাত সহনীয় পর্যায়ে রাখতে হবে। কেননা গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লে এর প্রভাব সব সেক্টরেই পড়বে।

সিএনজি ওয়ার্কশপ অ্যান্ড কনভারশন ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি জাকির হোসেন নয়ন বলেন, মোট গ্যাস উৎপাদনের ৫ শতাংশ সিএনজি খাতে সরবরাহ করে কর্তৃপক্ষ।  মোট রেভিনিউর প্রায় ২৪ শতাংশ আসে আমাদের এ সেক্টর থেকে। অথচ গ্যাস খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বলছে, এ খাতেও নাকি তাদের লোকসান হচ্ছে, এটা আসলে তাদের মিথ্যা অজুহাত।

গণশুনানি প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমরা বিইআরসির ওপর আস্থা রাখতে চাই। শুনানিতে ক্যাবের প্রতিনিধি, বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এবং আমরা যে মতামত দিয়েছে তার প্রতিফলন দেখতে চাই। আমাদের বিশ্বাস, সার্বিক দিক বিবেচনা করে যুগোপযোগী সিদ্ধান্ত নেবে কমিশন।’

প্রসঙ্গত, ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন  মহাজোট  সরকার ক্ষমতায় আসার পর থেকে  গ্রাহক পর্যায়ে এ পর্যন্ত সাত দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ গত বছরের মার্চ মাসে গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিটে ৪০ পয়সা করে বিদ্যুতের দাম বাড়ানো হয়। আর পাইকারি বিদ্যুতের দাম দুই টাকা ৩৭ পয়সা থেকে ছয় দফায় ৯৮ দশমিক ৩১ শতাংশ বাড়িয়ে চার টাকা ৭০ পয়সা করা হয়। পাইকারি পর্যায়ে সর্বশেষ বাড়ানো হয় ২০১২ সালের সেপ্টেম্বরে। এ ছাড়া গ্যাসের মূল্য সর্বশেষ ২০০৯ সালের আগস্টে ১১ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।

risingbd.com