বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোবহানের রায় বুধবার

subanএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সোবহানের মামলার রায় বুধবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিপক্ষের একজন আইনজীবী এ তথ্য নিশ্চিত করেন।
মাওলানা সোবহানের বিরুদ্ধে খুন, অপহরণ, আটক, লুটপাট, নির্যারতনসহ নয়টি অভিযোগে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ ও শুনানি হয়েছে।২০১২ সালের ২০ সেপ্টেম্বর টাঙ্গাইল থেকে মাওলানা আবদুস সোবহানকে আটক করেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এরপর তাকে ২০০৩ সালে পাবনা থানায় দায়ের করা এক মামলায় গ্রেফতার করা হয়।

 ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফ টিপু মাওলানা আবদুস সোবহানকে গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু করে। ওই দিনই তাকে ট্রাইব্যুনালের মামলায় আটক দেখানো হয়। ট্রাইব্যুনালের সেই আদেশের পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর মাওলানা আবদুস সোবহানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সোবহানের বিরুদ্ধে অভিযোগ
 
অভিযোগ ১ : ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাবনার ঈশ্বরদী রেলওয়ে তেলডিপো থেকে মোয়াজ্জেম হোসেন এবং ১৮ এপ্রিল ঈশ্বরদী জামে মসজিদে আশ্রয় নেয়া মোতালেব খানকে মাওলানা আবদুস সোবহানের নির্দেশে অপহরণ ও হত্যা।
 
অভিযোগ ২ : ১৯৭১ সালের ১৩ এপ্রিল ঈশ্বরদীর গোপালপুর ওযুক্তিতলা গ্রামে বিভিন্ন বাড়িতে মাওলানা আবদুস সোবহানের নেতৃত্বে লুটপাট ও হামলা। এ ঘটনায় আটজন নিহতের নাম উল্লেখ করা হয়েছে।
 
অভিযোগ ৩ : ১৯৭১ সালের এপ্রিল মাসের শেষের দিকে আলাউদ্দিন ও রিয়াজউদ্দিন মেম্বারের বাড়ি লুট। এ ছাড়া জয়নুদ্দিন, নুরু, আনসার কমান্ডারসহ অনেককে অপরহরণ ও নির্যাতন। এ অভিযোগে দুজন নিহতের নাম উল্লেখ করা হয়েছে।
 
অভিযোগ ৪: মাওলানা আবদুস সোবহানের নেতৃত্বে ঈশ্বরদীর শাহপুর গ্রামে পাকিস্তান আর্মির অপারেশন পরিচালনা। এ সময় বিভিন্ন বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ করে গণহত্যা পরিচালনা করা হয়। এ ঘটনায় সাতজন নিহতের নাম উল্লেখ করা হয়েছে।
 
অভিযোগ ৫: মাওলানা আবদুস সোবহানের নেতৃত্বে পাকিস্তান আর্মি পাবনা সদরের কুলনিয়া এবং দোগাছি গ্রামে অভিযান। এ সময় পাকিস্তান আর্মি স্বাধীনতাপন্থী অনেককে গুলি করে হত্যা করে। বাড়িঘরে আগুন দেয়। এ ঘটনায় সাতজন নিহতের নাম উল্লেখ করা হয়েছে।
 
অভিযোগ ৬: ১৯৭১ সালের ১২ মে পাকিস্তান আর্মি ৩০০ সৈন্য নিয়ে সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান। এ সময় বাড়িঘর লুটপাট করে আগুন দেয়া। এ সময় পরিচালিত গণহত্যায় কয়েক শ’ লোক নিহত। তাদের মধ্যে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগে।
 
অভিযোগ ৭: পাবনার আটঘরিয়া ইউনিয়নে ২১ মে পাকিস্তান আর্মি অপারেশন পরিচালনা করে ১৯ জনকে হত্যা।
 
 অভিযোগ ৮: সাবেক পাবনা সদর বর্তমানে আতাকুলা থানার দুবলিয়া বাজার থেকে দুজন স্বাধীনতাপন্থীকে ধরে নিয়ে হত্যা।
 
 অভিযোগ ৯: ১৯৭১ সালের ২১ নভেম্বর পাবনার বেতবাড়িয়া গ্রামে পরিচালিত অপারেশনে বিভিন্ন বাড়িতে লুটপাট শেষে আগুন দেয়া। এ সময় চারজনকে অপহরণ ও হত্যা করা হয়।
মাওলানা সোবহান

মাওলানা সোবহান ১৯৩৬ সালে পাবনা জেলার সুজানগর থানার মানিকহাটি ইউনিয়নের তৈলকুণ্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রাবস্থায় তালাবিয়া আরাবিয়া সংগঠনের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন।

 

পাকিস্তান আমলে তিনি ছিলেন পাবনা জেলার জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির এবং জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শূরা সদস্য। ১৯৭০ সালে তিনি জামায়াতে ইসলাম থেকে পাবনা সদর আসনে এমএনএ নির্বাচন করে পরাজিত হন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ইয়াহিয়া খানের শুভ দৃষ্টিতে তিনি তথাকথিত উপনির্বাচনে পাবনা সদর আসন থেকে এমএনএ নির্বাচিত হন।