দুর্নীতিবাজ যেই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে। দুর্নীতিবাজ যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। কেন না আমার হারাবার কিছু নেই। একজন মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি একদিনে সব হারিয়েছি।
উৎক্ষেপণের দেড় বছর পর আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইটে-১ এর মাধ্যমে দেশের সব টেলিভিশন চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২ অক্টোবর) বেলা পৌনে ১২টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বাণিজ্যিক এ সম্প্রচারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখানে দল মত আত্মীয়-স্বজন বলে কিছু নেই। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, চলবে। দুর্নীতিবাজ যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। কেন না আমার হারাবার কিছু নেই।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ, টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অঞ্জন চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস প্রমুখ। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিসহ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন মন্ত্রণালয়ের পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হলো ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারের ক্ষেত্রে অনেক বাধা দূর হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব সময়ের লক্ষ্য মানুষের কল্যাণ সাধিত করা। সেটা শুধু রাজধানীর মানুষ না। অর্থনৈতিকভাবে গ্রামের মানুষও যাতে সক্ষমতা অর্জন করে সেটার আমরা সুযোগ করে দিচ্ছি। এ সময় বাংলাদেশের দ্বিতীয় পারমাণবিক কেন্দ্র দেশের দক্ষিণাঞ্চলের কোন চরাঞ্চলে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেটার খোঁজ আমি নিচ্ছি।
দ্বিতীয় স্যাটেলাইটের কাজ শুরু করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দ্বিতীয় স্যাটেলাইটের কাজ শুরু করেছি। এটা আরও বড় আকারে করতে চাই । দেশে বর্তমানে ২২ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ রয়েছে বলেও এ সময় জানান তিনি।
গণমাধ্যমে মিথ্যা অপপ্রচার যাতে না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ -এর এই বাণিজ্যিক সেবা উদ্বোধনের ফলে এখন থেকে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এই সেবা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করে তাদের অনুষ্ঠান সম্প্রচার করবে। এর মধ্য দিয়ে দেশের সম্প্রচার শিল্প এক নতুন অধ্যায়ে প্রবেশ করল। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। স্থানীয় টিভি চ্যানেলগুলো ভাড়া হিসেবে ব্যবহার করবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালনা প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোস্পানি লিমিটেডের সাথে বেসরকারি টিভি চ্যানেলগুলোর করা চুক্তিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। পরে চুক্তিপত্রগুলো প্রধানমন্ত্রী বেসরকারি টিভি মালিকদের সংগঠন অ্যাটকো এর সভাপতি অঞ্জন চৌধুরীর হাতে তুলে দেন।
সরকারি ও বেসরকারি মিলিয়ে বর্তমানে দেশে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৩৪টি। টিভি চ্যানেলগুলোকে প্রতি মেগাহার্টজের জন্য মাসে ভাড়া দিতে হয় ৪ হাজার ডলার। বঙ্গবন্ধু স্যাটেলাইট সেটি কমিয়ে ২ হাজার ৮১৭ ডলার নির্ধারণ করেছে। বিদেশি স্যাটেলাইট ব্যবহার করে টিভি চ্যানেলগুলোকে মাসে ১৩ থেকে ২৫ লাখ টাকা ব্যয় করতে হতো।
কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের প্রতি মাসে ভাড়া দিতে হবে ১২ থেকে ১৬ লাখ টাকা। এর ফলে চ্যানেলগুলোর খরচ কমবে।
বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটটি বাংলাদেশের সব এলাকায় ভালোভাবে কাজ করবে।
২০১৮ সালের ১১ মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করা হয় দেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এতে বাংলাদেশের খরচ হয় ২ হাজার ৯০২ কোটি টাকা।
১৯ মে (রোববার) বিসিএসসিএল ছয়টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে। এই টিভি চ্যানেলগুলো হচ্ছে- সময় টিভি, যমুনা টিভি, দীপ্ত টিভি, বিজয় বাংলা, বাংলা টিভি ও মাই টিভি। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল বিটিভির চারটি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে এরই মধ্যে অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে।
দেশের সব টিভি চ্যানেল তাদের অনুষ্ঠান সম্প্রচারের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর ৫টি ট্রান্সপন্ডারের সামর্থ্য প্রয়োজন হবে। এছাড়াও বেক্সিমকো গ্রুপের কোম্পানি আকাশ ছয়টি ট্র্যান্সপন্ডার ভাড়া নিয়ে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ স্যাটেলাইট টিভিতে অনুষ্ঠান সম্প্রচার করছে।
ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেস গত নভেম্বর মাসে বিএস-১ এর নিয়ন্ত্রণ কর্তৃত্ব বিসিএসসিএলর কাছে হস্তান্তর করে। ২০১৮ সালের ১২ মে ফ্লোরিডা থেকে এটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। বিএস-১ এর প্রথম পরীক্ষামূলক সম্প্রচার করা হয়, ২০১৮ সালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়ন-২০১৮ অনুষ্ঠান সফল সম্প্রচারের মাধ্যমে। পাশাপাশি বিসিএসসিএল প্রতিবেশি চারটি দেশসহ ছয়টি দেশে বিএস-১ এর বাজারজাত ও বিক্রয়ের জন্য আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্ম থাইকন দুই বছরের জন্য ভাড়া করা হয়। থাই ফার্মটি বতর্মানে বিশ্বের ২০টি দেশে কাজ করছে। ১১৯.১ পূর্ব জিওস্টেশনারি স্লটে অবস্থিত বিএস-১ সার্ক দেশসমূহ এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান এবং কাজাখস্তানের কিছু অংশ কাভার করবে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান বেশি কভারেজ পাওয়ায় এই ছয়টি দেশ প্রাথমিকভাবে ব্যবসার জন্য আগ্রহ প্রকাশ করেছে।











